থাইল্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফের বিক্ষোভ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রচণ্ড সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হওয়ার পরদিন ফের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের বাধার মুখে গভমেন্ট হাউজের কার্যালয় ছেড়ে আপাতত প্রতিরক্ষামন্ত্রণালয়ের কম্পাউন্ডে কাজ চালাচ্ছেন ইংলাক। এ কার্যালয়ের সমানেই বুধবার বিক্ষোভ করে প্রায় ৩ হাজার বিক্ষোভকারী।বিক্ষোভের আয়োজক চুম্পল জুমসাই বলেন, “আমরা চাই না প্রতিরক্ষামন্ত্রণালয় আর ইংলাকের দখলে থাকুক। সেখানে তার কার্যালয় বন্ধ করে দেয়ার জন্য আমরা সেনাদেরকে আহ্বাসন জানাচ্ছি”।
আন্দোলনকারীদের নিজস্ব ব্লুস্কাই টিভি চ্যানেল প্রতিরক্ষমন্ত্রণালয় ভবনে সেনা প্রহরার ফুটেজ দেখিয়েছে। তবে বুধবারের আন্দোলন আগের দিনের মতো অতটা সহিংস রূপ নেয়নি। বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবান ভেতরে গিয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন।
