২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতার আত্মসমর্পণ

কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেয়ার পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজ জাতীয় রক্ষীদের কাছে আত্মসমর্পন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার দেশটির রাজধানী কারাকাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।গ্রেপ্তারের আগে লোপেজ বলেন, তিনি আশা করছেন তার গ্রেপ্তার দেশটির “অবিচার”-এর ব্যাপারে দেশবাসীকে জাগিয়ে তুলবে।লোপেজকে গ্রেপ্তারের আগে কয়েক হাজার সরকার সমর্থক ও সরকারবিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল।সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেয়া ও হত্যার অভিযোগে লোপেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই সহিংসতায় অন্ততপক্ষে চারজন নিহত হন।এর আগে লাল জামা পরিহিত দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে বলেন, “লোপেজকে বিচারের মুখোমুখি করা হবে।”“তাকে অবশ্যই বিচার, আদালত, আইনের বিরুদ্ধে ডাকা বিদ্রোহের জবাব দিতে হবে, সংবিধানের বিষয়ে তার অজ্ঞতার জবাবও দিতে হবে,” বলেন মাদুরো।রাজনৈতিকভাবে গভীরভাবে বিভক্ত ভেনেজুয়েলায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।গত বুধবার সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় দুজন বিক্ষোভকারী ও একজন সরকার সমর্থক নিহত হন। অপর একজন আহত ছাত্র সোমবার রাতে মৃত্যুবরণ করেন।এসব হত্যায় উস্কানির জন্য লোপেজকে দায়ী করা হলেও আত্মসমর্পণের আগে অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি।