সোনিয়া-রাহুল নকল গান্ধী: মোদি
সোনিয়া ও রাহুল গান্ধীকে ‘নকল গান্ধী’ বলে উপহাস করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশাপাশি তিনি কংগ্রেসকে দুর্নীতির যমজ বোন আখ্যা দিয়েছেন।আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্নাটকে প্রচারাভিযান চালানোর সময় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী মোদি এসব কথা বলেন বলে এনডিটিভি জানিয়েছে।লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের প্রতিবাদে বৃহস্পতিবার মরিচ গুঁড়ো (পেপার স্প্রে) ছিটিয়ে অধিবেশন ভণ্ডুলের চেষ্টা চালিয়েছিলেন ক্ষমতাসীন কংগ্রেসের এমপি এল রাজাগোপাল।পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।রাজাগোপাল কাণ্ডের প্রসঙ্গ টেনে মোদি বলেন, “কংগ্রেস প্রায়ই জনগণের চোখে ধুলা ছিটায়। এখন তারা মরিচ গুঁড়ো (পেপার স্প্রে) ব্যবহার করছে।“দুদিন আগেই কর্নাটক ঘুরে গেছেন রাহুল গান্ধী। এক নির্বাচনী জনসভায় তখন তিনি বলেছিলেন, “কংগ্রেস একটি দর্শন।এর জবাবে মোদি বলেন “যখন মহাত্মা গান্ধী বেঁচে ছিলেন তখন কংগ্রেস দলটি একটি দর্শন ছিল। কিন্তু যখন থেকে দলে নকল গান্ধীদের আগমন ঘটেছে তখন থেকে দলটি দুশ্চিন্তায় পড়েছে।“কংগ্রেসকে বিদ্রুপ করে মোদি আরো বলেন, “কংগ্রেসের নেতারা বলেন তারা নারীর ক্ষমতায়ন নিয়ে উদ্বিগ্ন। যদি আপনি সত্যিই নারীদের নিয়ে উদ্বিগ্ন হন তাহলে অন্তত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কাজ করুন, যাতে নারীরা শান্তিতে ঘুমাতে পারেন।“এদিকে রাহুল তার সফরের সময় বলেছিলেন, নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীদের সমঅধিকার না দেয়া পর্যন্ত ভারত বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হতে পারবে না।২০০৯ সালের জাতীয় নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ১৯টিতে জিতেছিল বিজেপি। এবারের নির্বাচনেও সেখানে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাচ্ছে প্রাধান বিরোধী দলটি।
