উ. কোরিয়া বিষয়ক জাতিসংঘ প্রতিবেদন প্রত্যাখ্যান চীনের
উত্তর কোরিয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধ বিষয়ক জাতিসংঘের প্রতিবেদনকে “পক্ষপাত দুষ্ট”, “অযৈাক্তিক সমালোচনা” হিসেবে অভিহিত করে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে চীন।
বিবিসি বলছে, মঙ্গলবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিঙ এ প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেছেন।তিনি বলেন, “এই অভিযোগগুলো আমরা একেবারেই গ্রহণ করছি না। উত্তর কোরিয়ার দেশত্যাগীদের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ঘোষণাগুলো মেনে আমরা সুচারুভাবেই বিষয়টি সামলাচ্ছি।”সোমবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয়ভাবে ব্যাপক মানবাধিকার লঙ্ঘণ করা হচ্ছে অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানানো হয়।উত্তর কোরীয়দের জোর করে দেশে পাঠিয়ে চীন সম্ভবত এ ধরনের অপরাধে সাহায্য-সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করে বিশেষজ্ঞদের একটি প্যানেল।এ অভিযোগের জবাব দিয়ে চীনা মুখপাত্র হুয়া বলেন, “চীন তাদের অবৈধ অভিবাসী মনে করে।”চীন উত্তর কোরিয়ার একমাত্র মিত্র। জাতিসংঘের এই প্রতিবেদন “মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে সহায়তা করবে না” বলে মনে করে দেশটি।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের অনুমোদিত ওই বিশেষজ্ঞ প্যানেল বলেছে, “উত্তর কোরীয়রা চরম দমননীতির শিকার হচ্ছে। এরজন্য দায়ী দেশটির নেতা কিম জঙ উনের বিচার হওয়া উচিত।”
