২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপমানজনক’ মন্তব্য করে বরখাস্ত কলম্বিয়ার সেনাপ্রধান

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘অপমানজনক মন্তব্য’ করে বরখাস্ত হয়েছেন কলম্বিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ব্যারেরো । ওই পদে জেনারেল হুয়ান পাবলো রদ্রিগুয়েজকে নিয়োগ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সেনাপ্রধানকে তার পদ থেকে বরখাস্ত করেন বলে বিবিসি জানিয়েছে।এক ঘোষণায় প্রেসিডেন্ট সান্তোস বলেছেন, “অপমানজনক মন্তব্য করায় সেনাবাহিনী প্রধান জেনারেল লিওনার্দো ব্যারেরোকে বরখাস্ত করা হয়েছে।”সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত দুর্নীতি অভিযোগের তদন্ত করতে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতার বিষয়টি দৃশ্যমান হয়।দুর্নীতির অভিযোগগুলি কলম্বিয়ার সাপ্তাহিক সাময়িকী সেমানাতে প্রকাশিত হয়েছিল।ক্রয় চুক্তিতে অসৎপন্থা অবলম্বনের অভিযোগে এর আগেই আরো চার জেনারেলকে বরখাস্ত করা হয়েছিল।দুর্নীতির তদন্ত চলাকালে তদন্তকারীদের গোপনে ধারণ করা ফোনালাপে জেনারেল ব্যারেরো’র ওই ‘অপমানজনক’ মন্তব্যটি ধরা পড়ে।প্রেসিডেন্ট সান্তোস জানিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক তদন্ত নিয়ে জেনারেল ব্যারেরো’র করা মন্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।“ফলস পজিটিভস” নামে পরিচিত ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময় হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়। হত্যার পর নিহতদের বিদ্রোহী আখ্যা দিয়ে তারা লড়াইয়ে নিহত হয়েছে বলে হত্যাকাণ্ডের বৈধতা দেয়া হয়।প্রেসিডেন্ট সান্তোস বলেছেন, “সেনাপ্রধান কোনো দুর্নীতির করার কারণে বরখাস্ত হচ্ছেন না, হচ্ছেন বিচার বিভাগ সম্পর্কে তার অপমানজনক মন্তব্যের কারণে। অন্যান্য সেনা কর্মকর্তারা এই অসদাচরণের বিষয়টি জানতেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।”ধারণকৃত ফোনালাপে জেনারেল ব্যারেরো’কে কারগারে আটক এক কর্নেলকে বলতে শোনা যায়, তদন্তকারী বিচারকদের বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের “মাফিয়ার মতো” বাহিনীতে যোগ দেয়া উচিত।এই কর্নেল “ফলস পজিটিভ” মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম।সেমানা’য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ক্রয় দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কর্মকর্তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল।ক্রয় চুক্তিতে প্রায় ৫০ শতাংশ ঘুষ হিসেবে গ্রহণ করার অভিযোগ আনা হয়েছে কয়েকজন জেনারেল ও অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। অন্যান্যদের বিরুদ্ধে সেনাছাউনিতে পেট্রল ও অন্যান্য সরবরাহ বাবদ যে খরচ দেখানো হয়েছে তার একটি অংশ আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে কলম্বিয়ার প্রতিরক্ষা খাতের বাজেট অনেক বেড়েছে এবং মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রও কলম্বিয়াকে বার্ষিক মোটা অঙ্কের অর্থ সরবরাহ করছে।২০১২-১৩ সালে এসব অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে।দুই সপ্তাহ আগে, সেমানা কলম্বিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তুলে ধরে। অভিযোগে বলা হয়, সেনা বাহিনীর একটি অভিজাত গোষ্ঠী কিউবাতে ফার্ক গেরিলাদের সঙ্গে সরকারের বৈঠকের সময় সরকারি কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করেছে।এই অভিযোগ ওঠার পর সেনা গোয়েন্দা ইউনিট বিলুপ্ত করেন প্রেসিডেন্ট সান্তোস।তবে সেনাবাহিনী দাবি করেছে, গোয়েন্দা ইউনিটটি নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটি অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।