‘পাকিস্তানে সেনা পাঠাতে পারে ইরান’
দশদিন আগে পাকিস্তানি সুন্নি জঙ্গিদের হাতে আটক পাঁচ ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করতে যথাযথ পদক্ষেপ না নিলে দেশটিতে সেনা অভিযান চালানো হবে বলে সতর্ক করেছে ইরান।
সোমবার ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রহমানি ফাজলি এই সতর্ক বার্তা জানান।বিবিসি বলছে, ৮ ফেব্রুয়ারি ওই রক্ষীদের ইরানের সিসতান বেলুচিস্তান অঞ্চল থেকে আটক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।“কঠোরতার” সঙ্গে বিষয়টি দেখার ও বন্দিদের মুক্ত করতে “প্রয়োজনীয় পদক্ষেপ” নেয়ার জন্য ইসলামাবাদের কাছে দাবি জানিয়েছেন ফাজলি।সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল বলেছে, ইরানি রক্ষীদের আটকের পেছনে তাদের হাত রয়েছে।অজ্ঞাত একটি জায়গায় কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে, এমন একটি ছবি পোস্ট করে তা ইরানি রক্ষীদের বলে দাবি করেছে গোষ্ঠীটি।শুক্রবার আল আরাবিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে, আটককৃত ইরানি রক্ষীদের মধ্যে একজন সার্জেন্ট জামশেদ দানাইফার্দকে দেখানো হয়েছে। জামশেদ বলছেন- তারা “নিরাপদ ও ভালো” আছেন।আল আদল ইরান ও ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় বন্দি ৩শ’ সুন্নির সঙ্গে তাদের বিনিময় করতে চায় বলে ইরানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। ওই ভিডিওতে এমনটি জানিয়েছেন সার্জেন্ট জামশেদ।ইরানি রক্ষীদের যে দিন আটক করা হয়, সেই দিনই ইরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে ইসলামাবাদ “সন্ত্রাসী গোষ্ঠীটির নেতাদের ও সদস্যদের (যারা পাকিস্তানে পালিয়ে গেছে) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” বলে দাবি জানায়।সোমবারও একই দাবির পুনারাবৃত্তি করে ফাজলি বলেন, “অন্যথায়, পাকিস্তানকে অবশ্যই ওই অঞ্চলের আফগানিস্তান ও পাকিস্তানের এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে কাজ করার অনুমতি দিতে হবে।”“আমরা যথাযথ ও সুনির্দিষ্ট উত্তর আশা করছি। অন্যথায় এ বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের নিরাপত্তার জন্য একটি নতুন নিরাপত্তা বলয় গড়ে তোলা দরকার বলে বিবেচনা করবো আমরা,” বলেন তিনি।ইরানি সেনাবাহিনীর উপপ্রধান এর আগে দেশটির বার্তা সংস্থা ফার্স’কে বলেছেন, “তাদের মুক্ত করতে, রাজনৈতিক ও সামরিক, উভয় ধরনের প্রস্তুতিই নেয়া হচ্ছে।”রক্ষীদের মুক্তি নিশ্চিত করতে ইরানি একটি প্রতিনিধি দল সোমবার পাকিস্তান গিয়েছে বলে অপর একটি ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে।
