নাইজেরিয়ায় ৯০ জনকে হত্যা করেছে জঙ্গিরা
নাইজেরিয়ার বোকো হারামের সন্দেহভাজন জঙ্গিরা একটি গ্রামে হামলা চালিয়ে ৯০ জন গ্রামবাসীকে হত্যা করেছে।
রোববার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।ওইদিন ভোরে ক্যামেরুন সীমান্তবর্তী গ্রাম ইজগে ঘিরে ফেলে বোকো হারামের বন্দুকধারীরা। এরপর বেপরোয়া গুলিবর্ষণে গ্রামটি তছনছ করে, বিস্ফোরণ ঘটিয়ে এবং আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।আবু বকর ওসমান নামে গ্রামটির এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এই আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, খুন হওয়া মানুষের দেহগুলো রাস্তায় শোয়ানো আছে। আমরা তাদের কবর না দিয়েই পালিয়ে গেছি, কারণ আমাদের মনে হচ্ছিল সন্ত্রাসীরা এখনও জঙ্গলে লুকিয়ে আছে।”বর্নো রাজ্য পুলিশের কমিশনার লাওয়াল ট্যাঙ্কো হামলার খবরটি নিশ্চিত করে বলেছেন, হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই।লাওয়ান মাদু নামে অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গ্রামটির কয়েকশ’ বাসিন্দা পালিয়ে গেছেন।বিদ্রোহীরা উত্তর নাইজেরিয়াতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের হামলায় ওই এলাকায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।বোকো হারামের বিদ্রোহ গুঁড়িয়ে দিতে ২০১৩ সালের মে মাসে উত্তরপূর্ব নাইজেরিয়ায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। কিন্তু বোকো হারামের জঙ্গিরা ক্যামেরুন সীমান্তে গৌজা পার্বত্য এলাকায় লুকিয়ে থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
