আলোচনা ফের ব্যর্থ, সিরিয়াবাসীর কাছে ক্ষমা চাইলেন ব্রাহিমি
সিরিয়ায় রক্তপাতের অবসান ঘটানোর চেষ্টায় জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা শান্তি আলোচনাও ব্যর্থ হওয়ায় সিরিয়াবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী বিশেষ দূত লাখদার ব্রাহিমি।
সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে কেবল নতুন করে আরেকবার বৈঠকে বসার সম্মতিটুকু ছাড়া শনিবারের আলোচনায় আর তেমন কোনো অগ্রগতি হয়নি।শনিবার সকালে দ্বিতীয় দফা আলোচনার ষষ্ঠ এবং শেষ দিনে দুপক্ষের মধ্যে মাত্র ২৭ মিনিট বৈঠক হয়। এতে তৃতীয় দফা বৈঠকের জন্য আলোচ্যসূচি ঠিক করা হলেও আলোচনার কোনো দিন নির্ধারণ হয়নি।আলোচনায় মধস্থতাকারী দূত লাখদার ব্রাহিমি সাংবাদিকদের কাছে এ ব্যর্থতার কথা জানিয়ে সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চাইছি...এ শান্তি আলোচনাকে ঘিরে তাদের অনেক উচ্চাশা ছিল যে, কিছু একটা হবে”।যুক্তরাজ্য ও ফ্রান্স শান্তি আলোচনায় ব্যর্থতার জন্য সিরিয়া সরকারকেই দায়ী করেছে।সিরিয়া সরকার ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি না থাকায় ফ্রান্স ও যুক্তরাজ্য এর দায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বলেই মন্তব্য করেছে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, এর দায় আসাদ সরকারের ওপরই বর্তায়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিউসও বলেন, সিরিয়া সরকার আলোচনায় অগ্রগতি রুখে দিয়েছে।এর আগে জেনেভায় সিরিয়া সরকার ও বিরোধীপক্ষের মধ্যকার প্রথম দফা আলোচনাও দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং বাদানুবাদের মধ্য দিয়ে ব্যর্থ হয়।আলোচনায় অচলাবস্থার মূল কারণ আলোচ্যসূচি নিয়ে দুই পক্ষের একমত হতে না পারা।বিরোধীপক্ষ চাইছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করতে। আর সরকারের প্রতিনিধিরা বাশারের পদত্যাগের বিষয়টি নাকচ করে সিরিয়ায় চলমান ‘সন্ত্রাসবাদ’ নিয়েই প্রথমে আলোচনা করতে চান।হেগ বলেন, দামেস্ক স্পষ্টতই অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার বিপক্ষে। যে বিষয়টি আলোচনার মূলমন্ত্র এবং সিরিয়ায় সংঘাত অবসানের জন্য অপরিহার্য একটি উপায়।সিরিয়ার সরকার-বিরোধীপক্ষের মুখপাত্র লোউয়ে সাফি এ বিষয়টির ওপর জোর দিয়ে বলেছেন, “তৃতীয়দফা বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা না হলে তা কেবল সময় নষ্ট করাই হবে”।ব্রাহিমি বলছেন, এখন দুপক্ষেরই উচিত আলোচনার ভিত্তিমূলে গিয়ে কথা বলা এবং তারা এ প্রক্রিয়া চালিয়ে যেতে চায় কিনা তা ভেবে দেখা।
সিরিয়া আলোচনা: অগ্রগতি না হওয়ায় জাতিসংঘের দুঃখপ্রকাশ
