রাষ্ট্রপতির শাসন আসছে দিল্লিতে
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।
শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
কেজরিওয়াল বিধানসভা ভেঙে নতুন নির্বাচনের অনুরোধ জানালেও তা হচ্ছে না। উপরাজ্যপাল নাজিব জংয়ের
সুপারিশ অনুযায়ী জিইয়ে (সাসপেন্ডেড অ্যানিমেশন) থাকছে দিল্লির বিধানসভা।
এর আগে গত শুক্রবার বিকালে দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে রাতে পদত্যাগ করেন কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার সদস্যরা।
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় বিধানসভা নির্বাচনে জয় লাভ করে গতবছর ২৮ ডিসেম্বর দিল্লিতে সরকার গঠন করে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এপিপি)।
সরকার গঠনের পর থেকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় রাজনীতিতে নবীন আম আদমির নেতাদের। শুক্রবার স্বেচ্ছায় পদত্যাগের মধ্য দিয়ে তাদের ৪৯ দিনের শাসনের অবসান ঘটে।
