২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পালাচ্ছে লাখো মানুষ

ইন্দোনেশিয়ার জনবসতিপূর্ণ জাভা দ্বীপে মাউন্ট কেলুড আগ্নেগিরির অগ্ন্যুৎপাতে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া আর ছাই। বাড়িঘর ছেড়ে পালিয়েছে ১ লাখেরও বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ছাইচাপা পড়ে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কোনো কোনো শহর ৪ সেন্টিমিটার পর্যন্ত ছাইয়ে ঢাকা পড়েছে বলে জানান তারা।

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বড় ধরনের শিল্প কেন্দ্র সুরাবায়ার ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাউন্ট কেলুডে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত।

ধোঁয়া আর ছাইয়ের কুন্ডলী দেখা গেছে পশ্চিমের ৯ কিলোমিটার দূর থেকেও। বিস্তীর্ণ এলাকাজুড়ে ধোঁয়াশার কারণে বন্ধ করে দেয়া হয় সুরাবায়ার বিমানবন্দরগুলোসহ যোগাকার্তা এবং সোলো দ্বীপের বিমানবন্দরও।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র সুতপো নুগ্রহ ফোনে বলেন, “ জাভা, যোগাকার্তা, সিলাকাপ, মাগেলাং, তেমাংগুং এবং বোয়োলালিসহ মাউন্ট কেলুডের পশ্চিমদিকের এলাকাগুলোতে ছাইবর্ষণ হচ্ছে। কারণ, গতরাতে বড় ধরনের অগ্ন্যুৎপাতে পশ্চিমাঞ্চলের আকাশে ১৭ কিলোমিটার জুড়ে ছাই ছড়িয়ে পড়ে”।

দুর্যোগপূর্ণ এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং প্রায় ২ লাখ মানুষ অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতির শিকার হয়েছে বলে জানান সুতপো।

বৃহস্পতিবার অগ্ন্যুৎপাত শুরুর কয়েকঘন্টা আগেই সতর্ক সঙ্কেত দেয়া হয় এবং ৩৬ টি গ্রাম থেকে লোকজনকে সরে যেতে বলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।