২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ওয়ার্নার কেবল কিনে নিল কমকাস্ট

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কেবল টেলিভিশন নেটওয়ার্ক  টাইম ওয়ার্নার কেবল ৪ হাজার ৫০০ কোটি ডলারে কিনে নিয়েছে দেশটির সবচেয়ে বড় কেবল কোম্পানি কমকাস্ট।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 11:24 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

এই অধিগ্রহণের ফলে তিন কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে যুক্তরাষ্ট্রের কেবল টিভির বাজারের প্রায় তিন চতুর্থাংশই এখন কমকাস্টের হাতে চলে এলো।

কমকাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়, টাইম ওয়ার্নার কেবল কিনে নেয়ার বিষয়ে তাদের প্রস্তাবটি সরকারের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ দুটি প্রতিষ্ঠান একীভূত হবে। টাইম ওয়ার্নার কেবলের প্রতিটি শেয়ারের জন্য তারা ১৫৯ ডলার করে দেবে।

৪৫ বিলিয়ন ডলারে বিক্রি হলেও কিছুদিন আগে চার্টার কমিউনিকেশনস নামের একটি কোম্পানির ৬০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল  টাইম ওয়ার্নার কর্তৃপক্ষ, বলা হয়েছিল, ওই অর্থ মোটেও যথেষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের কেবল টিভির ব্যবসায়িক মানচিত্র পাল্টে দেয়া এই চুক্তির পর কমকাস্ট রীতিমতো দানবে পরিণত হলো। ওয়াশিংটনভিত্তিক একটি ভোক্তা অধিকার সংস্থা ইতোমধ্যে বিষয়টি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার নজরে এনে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এনবিসি ব্রডকাস্ট নেটওয়ার্ক ও ইউনিভার্সাল ফিল্ম স্টুডিওর মতো বড় দুটি প্রতিষ্ঠানেরও মালিক এই  কমকাস্ট।

প্রতিষ্ঠানটি বলছে, দুই কোম্পানি এক হওয়ায় বছরে তাদের মোট খরচ দেড় বিলিয়ন ডলার পর্যন্ত কমানো সম্ভব হবে বলে তারা আশা করছে।