২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রচেষ্টার মধ্যেও লড়াই তীব্র হচ্ছে সিরিয়ায়

সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে জাতিসংঘের চেষ্টার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় লড়াই তীব্র আকার ধারণ করছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 07:54 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’(এসওএইচআর) জানায়, সিরিয়ায় গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন দুইশ’রও বেশি মানুষ মারা যাচ্ছে।

সরকার ও বিদ্রোহীরা নতুন নতুন এলাকার দখল নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

এসওএইচআর এর দেয়া তথ্যানুযায়ী, বিবিসি এ প্রতিবেদন প্রকাশ করে। তবে প্রতিবেদনের তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই বাছাই করা যায়নি।

সম্ভবত শান্তি আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করতেই বিবদমানপক্ষগুলো নতুন নতুন এলাকার দখলদারিত্ব চাইছে বলে মত অধিকার কর্মীদের।

সুইজারল্যান্ডের জেনেভায় আসাদ সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা এখনো চলছে। যদিও আলোচনা থেকে আশাব্যঞ্জক কোনো ফল আসবে না বলেই মনে করা হচ্ছে।

এসওএইচআর জানায়, গত ২২ জানুয়ারি থেকে তিন সপ্তাহের যুদ্ধে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। ৫১৫ জন নারী ও শিশুসহ নিহতদের এক তৃতীয়াংশই সাধারণ নাগরিক।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর গত তিন সপ্তাহের মৃত্যু হার অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি বলেও জানায় মানবাধিকার সংগঠনটি।

তবে এরই মধ্যে অবরুদ্ধ হোমস শহরে মানবিক ত্রাণকাজের জন্য যুদ্ধবিরতি বৃহস্পতিবার থেকে আরো তিনদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর।

এর আগে বুধবারও বিদ্রোহী অধ্যুষিত হোমস শহরে সরকারি বাহিনীর ঘেরাও থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করে জাতিসংঘ সমর্থিত বাহিনী।

তবে অনেক বিদ্রোহী সাধারণ মানুষের সঙ্গে হোমস শহর ত্যাগ করার চেষ্টাকালে তাদেরকে আটক করে সরকারি বাহিনী।