বিরোধীদের নির্বাচন বাতিলের দাবি থাই আদালতে নাকচ
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বিরোধীদের ২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন খারিজ করেছে। দাবির পক্ষে যথেষ্ট যুক্তি ছিল না বলে জানিয়েছে আদালত।
বিরোধী ডেমোক্র্যাট পার্টি নির্বাচন বাতিলের পক্ষে যুক্তি দিয়ে বলেছিল, নির্বাচন একদিনে সম্পন্ন করা হয়নি- এ কারণটিসহ আরো কয়েকটি কারণে সংবিধান লঙ্ঘিত হয়েছে।
ওদিকে, সরকার ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রেখে ভোটে দেরি করানোর জন্য বিরোধীদেরকে দোষারোপ করেছে।
ডেমোক্র্যাট পার্টি এ নির্বাচন বয়কট করে। তারা প্রথমে থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের দাবি জানায়।
পরবর্তীতে নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বিরোধীরা আদালতে আবেদন করে। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে বলেছে, নির্বাচনে সংবিধান লঙ্ঘন হয়েছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ, অনির্বাচিত ‘গণপরিষদের’ অধীনে নির্বাচন আয়োজন ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্কারের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে আন্দোলন শুরু করে সরকার বিরোধীরা। বিরোধীদের আন্দোলনের মুখে ২ ফেব্রুয়ারিতে নির্বাচন ডাকেন ইংলাক।
