আলেপ্পোতে ব্রিটিশ নাগরিকের আত্মঘাতী হামলা!
গত সপ্তাহে সিরিয়ার নগর আলেপ্পোতে একজন ব্রিটিশ নাগরিক আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে বিশ্বাস যুক্তরাজ্যের কর্মকর্তাদের।
বিবিসি বলছে, ঘটনা সত্যি হলে এটি হবে সিরিয়ায় যুক্তরাজ্যের কোনো নাগরিকের এ ধরনের প্রথম হামলা।আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ার বিদ্রোহী দল আল-নুসরা ফ্রন্ট জানিয়েছে, ওই ব্যক্তির নাম আবু সুলেইমান আল-ব্রিতানি। তিনি সাসেক্সে থাকতেন।বিভিন্নসূত্রের তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাজ্যের প্রায় কয়েকশ’ নাগরিক এরই মধ্যে সিরিয়া পৌঁছেছেন।সিরিয়ায় বিদ্রোহীদের পক্ষে যেসব বিদেশি যোদ্ধারা যুদ্ধ করছেন তাদের ১০ জনের মধ্যে একজন ইউরোপের কোনো দেশের নাগরিক বলে ধারণা করা হয়। যোদ্ধাদের অধিকাংশই এসেছে সৌদি আরব, তিউনিসিয়া ও লিবিয়া থেকে।যুক্তরাজ্যের কর্মকর্তারা বিবিসিকে বলেন, “গত সপ্তাহের বোমা হামলাকারী খুব সম্ভবত ব্রিটিশ নাগরিক।“তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ডিএনএ প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না।যুক্তরাজ্যের আন্তঃগোয়েন্দা সংস্থা এম১৫ পুলিশের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে তদন্ত করছে।ঘটনার বর্ণনায় আল-নুসরার ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, “আবু সুলেইমান আল-ব্রিতানি বৃহস্পতিবার বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি ট্রাক নিয়ে আলেপ্পোর একটি জেলের দেয়ালে প্রচণ্ড জোরে আঘাত করেন এবং বিস্ফোরণ ঘটান।“এই ঘটনার পর সিরিয়ার বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় এবং এতে উভয়পক্ষে হতাহতের সংখ্যা কয়েক ডজন।স্থানীয় সমাজকর্মীরা জানান, এ সময় প্রায় ৩শ’র বেশি বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়।তবে সিরিয়া সরকার বন্দিদের পালিয়ে যাওযার বিষয়টি অস্বীকার করেছে।প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার বাশার আল-আসাদ বাহিনী বেশিরভাগ কারাগারে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।কয়েক মাসে বিদ্রোহীরা সিরিয়ার বেশ কয়েকটি কারাগারে হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, এসব সংঘর্ষের সময় প্রায় তিন হাজার বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।সিরিয়ায় প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ঘরছাড়া হয়েছে প্রায় এক কোটি মানুষ।
