খাদ্য সঙ্কটের ঝুঁকিতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মুসলিম জনগোষ্ঠী ঘরছাড়া হতে থাকায় বাজার ব্যবস্থাপনা ক্রমেই ভেঙে পড়তে পারে বলে সাবধান করেছে কয়েকটি আন্তর্জাতিক দাতা সংগঠন।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ভোগ্যপণ্যের ব্যবসার অধিকাংশের নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে এবং তারা দেশ ছেড়ে চলে যেতে থাকায় এ সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।অক্সফাম এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর কর্মকর্তারা জানান, অনেকেই রাজধানী বাঙ্গুই ছেড়ে চলে গেছে। শহরে ১০ জনের মতো পাইকারি বিক্রেতা অবশিষ্ট আছেন। ফলে খাদ্য সরবরাহ আরো কমে যেতে পারে এবং খাদ্যমূল্য বাড়তে পারে।জাতিসংঘের হিসাবমতে, দেশটির ৯০ শতাংশ মানুষ বর্তমানে একবেলা খেয়ে জীবন ধারণ করছেন। এই পরিস্থিতি দিন দিন আরো খারাপ হতে পারে।দেশটিতে সাধারণ মসুলিমরাই ভোগ্যপণ্য ও অন্যান্য খাতের ব্যবসা নিয়ন্ত্রণ করে। সেকারণে তাদের পালিয়ে যাওয়ার ঘটনা অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন ‘হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) জরুরি ব্যবস্থাপক পিটার বুকার্ট।এক বছর আগে বিদ্রোহীরা রাজধানী বানগুই এর দখল নেয়ার পর প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজ দেশ ছেড়ে পালিয়ে যান। এই সময় মুসলিম বিদ্রোহী নেতা মাইকেল দিজোতোদিয়া নিজেকে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা করে বিদ্রোহী দলগুলোকে অস্ত্র ছাড়তে বলেন।তবে বিদ্রোহীরা অস্ত্র ছাড়েনি এবং সহিংসতাও থামেনি। দেশটিতে প্রধানত দুটি বিদ্রোহী গ্রুপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ‘সালাকা’ এবং খ্রিস্টানদের সমর্থনপুষ্ট ‘এন্টি বালাকা’ সক্রিয় আছে। বি্দ্রোহীদের মধ্যে সহিংসতা চলতে থাকায় গত মাসে প্রেসিডেন্ট দিজোতোদিয়া ক্ষমতা ছেড়ে দেন।জাতিসংঘের তত্ত্ববধানে শান্তি প্রচেষ্টার মধ্যেও সালাকা ও এন্টি বালাকা বিদ্রোহীরা সাধারণ নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।বিবিসি’র পশ্চিম অফ্রিকা প্রতিনিধি থমাস ফেজি বলেন, রাখালরা জঙ্গলে পালিয়ে যাওয়ায় ইতোমধ্যেই পশুর মাংসের সংকট দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে মাংস কিনতে হচ্ছে।খ্রিস্টান বিদ্রোহীদের ভয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের অধিকাংশই মুসলিম, যারা স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত।শস্য রোপনের মাত্র একমাস আগে প্রায় ৯৬ শতাংশ কৃষকের কাছে বীজ পৌঁছানো যায়নি বলে জাতিসংঘ জানিয়েছে।সহিসংতার কারণে দেশের অভ্যন্তরে নতুন করে খাদ্যের চালান প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। অস্ত্রধারীদের ভয়ে চালকরা খাদ্যের ট্রাক নিয়ে সীমান্ত পার হতে ভয় পাচ্ছেন।অক্সফাম বলছে, যেসব মুসলিম ব্যবসায়ী এখনো দেশটিতে রয়েছে তাদেরকে রক্ষা করতে না পারলে পরিস্থিতি সবার জন্য আরো খারাপ ফল বয়ে আনবে।এর আগে ‘হিউম্যান রাইটস ওয়াচ’ বিবিসি’র কাছে বলেছিল, দেশটিতে ধর্মীয় সহিংসতার কারণে পুরো সব মুসলিম পালিয়ে যেতে পারে।
