ভারতের বিরুদ্ধে নতুন বাণিজ্য পদক্ষেপ যুক্তরাষ্ট্রের
ভারতের দ্রুত বর্ধনশীল সৌরশক্তি পণ্যের বাজারে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের প্রবেশের পথ করে দিতে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) দেশটির বিরুদ্ধে অভিযোগ জানাবে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মিচেল ফ্রোম্যান এ কথা জানান।এ পদক্ষেপ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্কের জটিলতাকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।বারাক ওবামা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিশাল সৌরশক্তি কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে দেশটির আরোপিত ‘ডমেস্টিক কনটেন্ট রিকোয়ারমেন্ট’ নিয়ে ডব্লিউটি’তে দ্বিতীয় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা।এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত তার ধারাবাহিক জ্বালানি সংকটের মোকাবিলায় বিশাল পরিসরে সৌরশক্তি কর্মসূচি গ্রহণ করেছে।ফ্রোম্যান বলেছেন, ভারতের সৌরশক্তি উৎপাদকদের জন্য স্থানীয়ভাবে তৈরি করা যন্ত্রপাতি ব্যবহার করার বিধান রেখে যুক্তরাষ্ট্রের সৌরশক্তি উৎপাদক ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য তৈরি করা হয়েছে। ভারতের এই উদ্যোগ দেশটিতে সৌরশক্তি প্রসারে বাধা তৈরি করবে।“ডমেস্টিক কনটেন্ট রিকোয়ারমেন্ট সবুজ জ্বালানি বিষয়ক সাফল্যজনক সহযোগিতাকে লক্ষ্যচ্যুত করবে এবং খরচ বাড়িয়ে সৌরশক্তি সম্প্রসারণের ভারতীয় উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবে,” বলেন ফ্রোম্যান।যু্ক্তরাষ্ট্রের এই উদ্যোগ সফল হলে ভারতের ‘জওহরলাল নেহেরু ন্যাশনাল সোলার মিশন’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে ডব্লিউটিও।কিছুদিন আগে কূটনীতিক দেবযানি খোবড়াগারেকে নিয়ে কূটনৈতিক টানাপড়েনের পর যুক্তরাষ্ট্রের এবারের উদ্যোগ ভারতের সঙ্গে দেশটির সর্ম্পক আরো নাজুক করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
