২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জঙ্গি প্রশিক্ষণের গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১

ইরাকে গাড়িবোমা তৈরির প্রশিক্ষণ দিতে গিয়ে হঠাৎ বোমা বিস্ফোরণে ২১ জঙ্গি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 02:10 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার রাজধানী বাগদাদের উত্তরের সামারা শহরের নিকটবর্তী আল জিলাম গ্রামের একটি ফলবাগানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।বিস্ফোরণের শব্দে জঙ্গি আস্তানার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে সেখান থেকে আহত জঙ্গিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।তবে গ্রামবাসীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, রোববার সন্ধ্যায় গ্রামবাসীরা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। সোমবার সকালে পুলিশ সেখানে গিয়ে গাড়িবোমা বিস্ফোরণের আলামত দেখতে পায়।পুলিশ জানিয়েছে, জঙ্গিরা গাড়িবোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।কেন্দ্রীয় পুলিশ ক্যাপ্টেন আলি আব্বাস বলেছেন, “স্থানীয় বাসিন্দারা আমাদের বলেছে, বিস্ফোরণস্থলে ১০ থেকে ১২টি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। কিন্তু কয়েকঘন্টা পর একদল সশস্ত্র লোক এসে মৃতদেহগুলো নিয়ে যায়।”অপরদিকে ইয়াহু প্রকাশিত খবরে জানানো হয়েছে, জঙ্গিরা গাড়িবোমা বানানো ও বিস্ফোরক বেল্টের ব্যবহারিক অর্থাৎ প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনে সেখানে উপস্থিত হয়ে পালানোর চেষ্টারত ১০ জনসহ আহত আরো ১২ জনকে আটক করে।কর্তৃপক্ষ বাগানটির দুটি বাড়িতে ও একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে সাতটি গাড়িবোমা, কয়েকটি বিস্ফোরক ভর্তি বেল্ট ও রাস্তার পাশে পেতে রাখার উপযুক্ত বোমা উদ্ধার করে।বোমা স্থাপিত গাড়িগুলোর কোনো নম্বরপ্লেট ছিল না বলে খবরে জানানো হয়েছে।এরপর সোমবার সন্ধ্যার পর বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১১ জন আহত হন। এছাড়া বাগদাদের কেন্দ্রীয় এলাকায় গাড়িতে স্থাপন করা বোমার বিস্ফোরণে সেনবাহিনীর এক কর্নেল নিহত হন।একই দিন দেশটির উত্তরাঞ্চলীয় শহর মসুলের কাছে ইরাকি পার্লামেন্টের স্পিকারের গাড়িবহরে বোমা হামলা চালানো হয়। তবে রাস্তার পাশে পেতে রাখা ওই বোমার বিস্ফোরণ থেকে স্পিকার উসামা আল নুজাইফি অল্পের জন্য রক্ষা পান।বিস্ফোরণে তার দেহরক্ষীদের বহনকারী একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও গাড়িতে থাকা তার দেহরক্ষীরা আহত হন।কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।নুজাইফি ইরাকি সুন্নিদের রাজনীতিবিদদের মধ্যে সর্বজ্যেষ্ঠ। তবে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে চিহ্নিত করেছে ইরাকি সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলো।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর ব্যাপক পাহারার মধ্যেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।