২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী নিয়ে সুইজারল্যান্ডের গণভোটে হতাশ ইইউ

সুইজারল্যান্ডের গণভোটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে আসা অভিবাসীদের জন্য কড়া কোটা পদ্ধতি ফিরে আসায় হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

ইউরোপজুড়ে অভিবাসন এবং ইউরোপীয় অভিবাসীদের অবাধ যাতায়াতের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মুখে গণভোট আয়োজন করে সুইজারল্যান্ড।অভিবাসীদের অবাধ যাতায়াতের বদলে তাদের জন্য কোটা রাখার পক্ষে ভোট পড়েছে ৫০ শতাংশেরও বেশি। এতে করে অভিবাসীদের অবাধ যাতায়াত সংক্রান্ত সুইস-ইইউ চুক্তি অকার্যকর হয়ে পড়েছে।সুতরাং এ ভোটের ফলে সুইজারল্যান্ড এখন অনেক সমস্যার সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন জার্মান অর্থমন্ত্রী। সুইজারল্যান্ড জটিলতায় পড়বে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও।এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন বলেছে, গণভোটটি ইইউ এবং সুইজারল্যান্ডের মধ্যে মানুষের মুক্ত চলাফেরায় স্পষ্টতই বাধা সৃষ্টি করেছে। ফলে গণভোটের রায় সুইজারল্যান্ডের সঙ্গে ইইউ-এর সম্পর্কে জটিলতার সৃষ্টি করবে বলে মনে করছে ইউরোপীয় কমিশন।ইইউ বলছে, সুইজারল্যান্ডের সঙ্গে সম্পর্কের পুরো বিষয়টি তারা এখন পুণর্মূল্যায়ন করবে। সুইজারল্যান্ড ইইউয়ের অন্তর্ভুক্ত নাহলেও ইইউয়ের সঙ্গেই দেশটির অধিকাংশ বাণিজ্য হয়।অভিবাসীর চাপে সুইজারল্যান্ড ভারাক্রান্ত। ইইউভুক্ত দেশগুলো থেকে প্রতিবছর গড়ে আশি-হাজার মানুষ সুইজারল্যান্ডে কাজের সন্ধানে যায়।