২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে জাতিসংঘের ত্রাণবহরে হামলা, আহত ১

সিরিয়ার হোমসে বিদ্রোহীদের দখলকৃত একটি এলাকায় জাতিসংঘের ত্রাণসামগ্রী বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 02:31 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার চালানো এ হামলার জন্য সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ পরস্পরকে দায়ী করেছে।

বিদ্রোহীদের দখলকৃত ও সিরিয়ার সরকারি বাহিনী কর্তৃক্ অবরুদ্ধ হমসে আটকে পড়া আড়াই হাজার মানুষের জন্য জরুরী খাদ্য ও ওষুধ সরবরাহ করছিল জাতিসংঘের ত্রাণবাহী গাড়িগুলো। বহরের গাড়িগুলোতে শহরটিতে কয়েক মাস ধরে চলা যুদ্ধে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়াও হচ্ছিল।

হামলার ফলে জাতিসংঘের এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট (এসএআইসি) জানিয়েছে, হামলার সময় গাড়ি বহরের কাছাকাছি মর্টার শেল বিস্ফোরিত হয় এবং বহরের ট্রাক লক্ষ্য করে গুলি করা হয়। এতে ট্রাকের একজন চালক আহত হয়েছেন।

রাতের অন্ধকার নামার পর হামলাটি চালানো হয়। এতে জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের অন্তত নয়টি গাড়ি বেশ কয়েক ঘণ্টা ধরে শহরটিতে আটকা পড়ে থাকে। অবশেষে রাত ১০টার কিছু আগে (স্থানীয় সময়)ত্রাণদলটি শহর ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক ঘটনাস্থলে রেখে আসতে বাধ্য হয়।

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়, “গোলাগুলি বর্ষণ সত্ত্বেও আমরা ২৫০টি খাবারের প্যাকেট, স্বাস্থ্য সুরক্ষার ১৯০টি যন্ত্রপাতি ও দূরারোগ্য রোগের ওষুধ সরবরাহ করতে সক্ষম হয়েছি।”

এই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় কর্তৃপক্ষ । অপরদিকে, সরকার বিরোধীরা হামলার জন্য বাশার আল-আসাদ সরকারের বাহিনীকে দায়ী করেছে।

শনিবার সকালে ত্রাণ কার্যক্রম শুরুর আগে মর্টার হামলার কারণে কার্যক্রম শুরু করতে দেরি হয়। ওই হামলার জন্যও সরকারি বাহিনীকে দায়ী করেছে বিদ্রোহীরা।

প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসে সিরিয়ার সরকারি ও বিরোধী পক্ষ। অবরুদ্ধ হমসের বেসামরিক মানুষের জন্য মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে চুক্তি ছিলো ওই আলোচনার প্রথম স্পষ্ট ফলাফল। কিন্তু ত্রাণবহরে হামলা ওই চূক্তির বাস্তবায়নকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।