‘পারলে ইরানের সরকার উৎখাত করতো যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্র পারলে ইরানের সরকার উৎখাত করতো বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।
ওয়াশিংটন সব সময় ইসলামী প্রজাতন্ত্রটিকে ‘নিয়ন্ত্রণ’ এবং এর ব্যাপারে ‘অযাচিত হস্তক্ষেপ’ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৩৫তম বার্ষিকী উপলক্ষে শনিবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে নিয়ে এসব বলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী এই নীতি-নির্ধারক।
ইরানের অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমাদের অবরোধ উঠে যাওয়ার ভরসায় না থেকে দেশীয় উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
খামেনি বলেন, “আমেরিকার কর্মকর্তারা বলে থাকেন, তারা ইরানে ক্ষমতার পরিবর্তন চান না। এটা মিথ্যা কথা। সুযোগ পেলে তা করতে এক মুহূর্তও দেরি করবে না তারা।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে চলমান সংলাপ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তিনি বলেন, ‘শত্রুদের’ সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান কৌশল পরিবর্তন করতে পারে। তবে রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে কখনো ছাড় দেবে না।
‘কর্তৃত্ববাদী ও হস্তক্ষেপমূলক’ আচরণের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ চলে আসছে বলে মনে করেন আয়াতোল্লাহ খামেনি।
