দেশের নাম বদলাতে চান কাজাখ প্রেসিডেন্ট
পর্যটনের প্রসার ও বিনিয়োগ আকর্ষণের কারণ দেখিয়ে দেশের নামই পাল্টে ফেলার প্রস্তাব দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ।
প্রায় দুই যুগ ধরে কাজাখস্তান শাসন করে আসা নাজারবায়েভ এর আগে রাজধানীর নাম পাল্টেছেন, রাজধানী স্থানান্তর করেছেন।
এখন তার মনে হচ্ছে, দেশের নামের শেষে ‘স্তান’ থাকায় বিনিয়োগ আর পর্যটক আসছে না।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে এক মতবিনিময়ে দেশের নাম নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন নাজারবায়েভ।
তার প্রস্তাব, কাজাখস্তানের নতুন নাম হতে পারে ‘কাজাখ আলী’ অথবা ‘কাজাখ নেশন’। তবে জনগণের মত নিয়েই তিনি বিষয়টি চূড়ান্ত করতে চান।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়ার দুই বছরের মাথায় কাজাখস্তানের রাজধানীর নাম পরিবর্তন করা হয়। ১৯৯৩ সালে ‘আলমা আতা’ থেকে রাজধানীর নাম হয় ‘আলমাতি’।
এর চার বছর পর রাজধানী স্থানান্তর করা হয় আকমোলায়। ১৯৯৮ সালে নতুন রাজধানীর নাম হয় ‘আস্তানা’।
স্বাধীন হওয়ার পর থেকেই খনিজসমৃদ্ধ এই দেশটির ক্ষমতায় আছেন নাজারবায়েভ। ১৯৯৫ সালে প্রণিত নতুন সংবিধান অনুযায়ী, তার হাতে রয়েছে একচ্ছত্র ক্ষমতা।
সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাবেক এই নেতা বিভিন্ন সময়ে পশ্চিমা শাসকদের কড়া সমালোচনা করে পত্রিকার শিরোনাম হয়েছেন।
বিরোধী দলের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতা কুক্ষিগত করে রাখার মতো অভিযোগের জবাবে ৭৩ বছর বয়সী নাজারবায়েভের বক্তব্য, তার দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘লেকচার’ দেয়ার অধিকার কারো নেই।
