কৃষ্ণগহ্বর তত্ত্ব ‘আগেই খারিজ করেছিলেন’ আভাস মিত্র
কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল কখনো গঠিত হয়নি বলে এক দশক আগেই মত দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী আভাস মিত্র। কিন্তু তখন সেটা তেমন করে আলোচনায় আসেনি।
গত মাসে প্রকাশিত এক প্রবন্ধে বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে কিছু নেই বলে মত প্রকাশ করার পর বিজ্ঞান বিশ্বে বিস্ময়ের সৃষ্টি হয়।
এর আগে কৃষ্ণগহ্বর তত্ত্ব দিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেন হকিং। সম্প্রতি তিনি নিজেই ওই তত্ত্বকে খারিজ করে দিয়েছেন।
মুম্বাইয়ের ভব অ্যাটোমিক রিসার্চ সেন্টারের (বিএআরসি) বিজ্ঞানী আভাস মিত্র বলেন, “এক দশক আগেই আমি বলেছি, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বের কৃষ্ণ গহ্বর সমাধান আসলে শূন্য ভরের সমতুল্য আর তা কখনো গঠিত হয়নি। এতেই বোঝায় যে, তথাকথিত কৃষ্ণ গহ্বরগুলো অবশ্যই ধূসর গহ্বর বা ছদ্ম-কৃষ্ণ গহ্বর।”
“হকিং এখন একই কথা বলছেন,” বলেন মিত্র।
২০০০ সাল থেকেই বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধে মিত্র দাবি করে আসছেন, মহাবিশ্বে “পুরোপুরি চুপসে যাওয়া” বস্তু থাকতে পারে কিন্তু সেগুলো পুরোপুরি কৃষ্ণ গহ্বরের মতো নয়। এ পর্যন্ত কেউ তার মতামত চ্যালেঞ্জ করেনি বলে এনডিটিভি জানিয়েছে।
তিনি উল্লেখ করেন, “আমার এই ধারণা প্রধানধারার পদার্থবিজ্ঞানীরা উপেক্ষা করে গেছেন, গণমাধ্যমগুলোও তাদের অনুসরণ করেছে। এখন অনলাইনে হকিংয়ের দুই পাতার একটি প্রবন্ধে যখন একই কথা বলা হল তা আন্তর্জাতিক গণমাধ্যগুলোর কাছে গরম খবর হয়ে গেল।”
কয়েকজন আমেরিকান জ্যোতির্পদার্থবিজ্ঞানী তার অনুমান যাচাই করে দেখার পরও এমনটি ঘটেছে বলে জানান তিনি। ২০০৬ সালে এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রেস রিলিজও ছাড়া হয়েছিল বলে জানান তিনি।
