২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় গণকবর থেকে ২০ মৃতদেহ উদ্ধার

মেক্সিকোয় একটি গণকবর থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় বিশৃঙ্খল রাজ্য মিচোয়াকানের ছোট্ট পৌরসভা টিনগুইনদিনে ওই গণকবরটি পাওয়া যায়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 02:49 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

কবরটিতে ২০ মৃতদেহ ছিল বলে বিবিসি জানিয়েছে।এছাড়া কাছের জাকান এলাকায় চারটি ছিন্ন মস্তক পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সেগুলো দেখতে পান। সেগুলো একটি চার্চের কাছের রাস্তায় ময়লার ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। সেখান থেকে হুমকি দিয়ে লেখা একটি চিঠিও উদ্ধার করা হয়েছে।একমাস আগে অঞ্চলটির একটি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা মিচোয়াকানের কুখ্যাত নাইটস টেম্পলার মাদকচক্রের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।স্বেচ্ছাসেবী দলের একজন মুখপাত্র বলেন, খুব সম্ভবত মাদক চোরাকারবারীরা প্রতিশোধ নিতেই এই হাত্যাকাণ্ড ঘটিয়েছে।মৃতদেহগুলোকে কখন গণকবর দেয়া হয়েছে সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন ময়নাতদন্তকারীরা।মাদকচক্রের শিকার হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তিদের গণকবর খুঁজে পাওয়া মেক্সিকোয় খুব বেশি অনিয়মিত ঘটনা নয়। কিন্তু এবারের কবরটি এমন এক জায়গায় খুঁজে পাওয়া গেছে যাতে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোতে বিবিসির প্রতিনিধি।অ্যাপাতজিনগান শহরে নাইটস টেম্পলার এর প্রধান কার্যালয়ে স্বেচ্ছাসেবী দলের সদস্যদের হামলার পর মধ্য জানুয়ারিতে ওই রাজ্যে সেনাবাহিনী পাঠায় সরকার।কয়েকদিনের মধ্যে সেনাসদস্যরা সেখানকার বেশকিছু পৌরসভা নিজেদের নিয়ন্ত্রণে নেয় যেগুলো আগে মাদকচক্রের নিয়ন্ত্রণে ছিল।স্বেচ্ছাসেবী সদস্যদের অভিযোগ রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ মিলেও তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।স্বেচ্ছাসেবীরা মিচোয়াকানকে নাইটস টেম্পলার চক্রের থাবা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা শুরু করে। নৃশংস এই চক্রটি মাদক পাচারের সঙ্গে জড়িত। এছাড়া তারা সেখানকার ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে মোটা অংকের চাঁদাও আদায় করে।মাত্র এক সপ্তাহ আগে স্বেচ্ছাসেবী দল সরকারি নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে রাজি হয়েছিল। তবে তাদের অধিকাংশই নিজেদের অস্ত্র জমা দিতে অস্বীকার করে।