২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বসতি স্থাপন করছে ইসরায়েল

পূর্ব জেরুজালেমের ইহুদি বসতিতে নতুন ৫৫৮টি অ্যাপার্টমেন্ট নির্মাণের চূড়ান্ত অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। জেরুজালেম সিটি কাউন্সিলের (ইসরায়েলি) প্ল্যানিং কমিটি ভবন নির্মাণের এসব পরিকল্পনা অনুমোদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 01:02 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

পূর্ব জেরুজালেমের তিনটি ইহুদি আবাসিক এলাকায় এসব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছে বিবিসি।এই ভবনগুলো ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের দখলকৃত ও পরে আত্মীকৃত ভূমিতে নির্মাণ করা হবে, তবে ওই ভূমি ইসরায়েলের মানচিত্রের সঙ্গে আত্মীকরণকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেয়নি।ওই এলাকায় বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনানুযায়ী অবৈধ বিবেচনা করা হয়, যদিও এই বিবেচনার সঙ্গে দ্বিমত পোষণ করে ইসরায়েল।জেরুজালেম সিটি কাউন্সিল জানিয়েছে, হার হোমা, নেভে ইয়াকোভ ও পিসগাত জেভ আবাসিক এলাকায় এসব ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছে।ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত চলমান ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার অবমাননা হয়েছে।এর আগে ফিলিস্তিনিদের দখলকৃত ভূমিতে ইহুদি বসতি নির্মাণ নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্রের উপস্থিতি সত্বেও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগে জুলাই থেকে দুপক্ষের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছিল।বিষয়টি নিয়ে ফিলিস্তিনি কর্মকর্তা হানান আশ্রাবি বলেন, “ইসরায়েল ফিলিস্তিনিদের উত্যক্ত করতে সচেতনভাবেই এসব করছে, যেন তারা ইসরায়েলের সীমা লঙ্ঘণের প্রতিবাদ করে শান্তি আলোচনা ছেড়ে যান, তারপর শান্তি প্রচেষ্টা ভেঙে দেয়ার জন্য ফিলিস্তিনিদের দায়ী করা হবে।”নতুনভাবে শুরু হওয়া শান্তি আলোচনা বেশ কয়েক মাস ধরে চললেও অগ্রগতি সামান্যই।