২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিপীড়কদের পুলিশে দিন: ভ্যাটিকানকে জাতিসংঘ

শিশু যৌন নিপীড়নে জড়িত সব ক্যাথলিক যাজক ও পুরোহিতদের অবিলম্বে বরখাস্ত করে পুলিশের হাতে সোপর্দ করতে ভ্যাটিকান কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 10:06 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার যাজকদের শিশু নিপীড়ন নিয়ে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি (সিআরসি) প্রতিবেদনে এ দাবি জানানো হয়।

দাগী এবং সন্দেহভাজন সব শিশু যৌন নির্যাতনকারীদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া চালানোর জন্য সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে কমিটি।

কড়া এক বিবৃতিতে এ জাতিসংঘ কমিটি বলেছে, শিশুদের ওপর থেকে যৌন নির্যাতনের অবসান ঘটাতে পারেনি ভ্যাটিক্যান।

বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের সদস্য এবং যাজকদের অসংখ্য শিশু যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

এধরনের অপরাধের ব্যাপ্তির বিষয়টি স্বীকার না করা, শিশু যৌন নির্যাতনের ঘটনা চিহ্নতকরণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া এবং শিশুদের সুরক্ষা ব্যবস্থা না নেয়ার জন্যও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। বলা হয়েছে, তারা এমন এক কৌশল নিয়েছে যা শিশু নির্যাতন বন্ধে সহায়ক নয় এবং নির্যাতনকারীরা পার পেয়ে যাচ্ছে।”

এ অবস্থার অবসান ঘটাতে যেসব যাজক তাদের অপরাধ গোপন করেছে তাদেরকে জবাবদিহি করার জন্য ভ্যাটিকান কর্তৃপক্ষকে ফাইল খুলতে বলা হয়েছে সিআরসি’র প্রতিবেদনে।

তবে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির এ সুপারিশগুলো বাধ্য-বাধকতামূলক নয় এবং তা প্রয়োগেরও কোনো ব্যবস্থা নেই।

যাজকদের নির্যাতনের শিকারদের সংগঠন ‘সার্ভাইভরস নেটওয়ার্ক অব দোজ এবিউজড বাই প্রিস্ট’ (এসএনএপি) এর সংগঠক বারবারা ব্লেইন বলেন, “এটি একটি সতর্ক বার্তা। আমরা আশা করব শিশুদের রক্ষার্থে পৃথিবীর প্রতিটি দেশ এই নির্দেশনা অনুযায়ী এগিয়ে আসবে এবং কাজ করবে”।

পোপ ফ্রান্সিসও যাজকদের হাতে শিশু নির্যাতনের ঘটনাকে ‘গির্জার লজ্জা’ বলে মন্তব্য করেছেন।