পারিবারিক পুনর্মিলনীতে রাজি দুই কোরিয়া
কোরিয়া যুদ্ধের মধ্য দিয়ে বিভক্ত হয়ে পড়া পরিবারগুলোর স্বজনদের মধ্যে পুনর্মিলনীর উদ্যোগে সম্মতি দিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
বিবিসি বলেছে, উত্তর কোরিয়ার আহ্বানে এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়ার কুমগং অবকাশযাপন কেন্দ্রে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে পারে। ২০১০ সালের পর নতুন এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।এর আগে গত সেপ্টেম্বরে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও ‘দক্ষিণ কোরিয়া বৈরী আচরণ করছে’ অভিযোগ তুলে এ থেকে সরে আসে পিয়ংইয়ং।১৯৫০ সালে তিন বছরব্যাপী যুদ্ধের পর দুই কোরিয়া বিভক্ত হওয়ায় হাজার হাজার পরিবারের সদস্য দুই দেশে আলাদা হয়ে যায়। দুই দেশে অবস্থানের কারণে আত্মীয় হলেও তাদের সাক্ষাৎ হয়ে যায় বিরল।২০১০ সালে উত্তর কোরিয়ার দিক থেকে দক্ষিণের দিকে কামানের গোলা নিক্ষেপের পর সৃষ্ট উত্তেজনায় পূনর্মিলনী অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।উত্তরের অনুরোধ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া নিয়মিত বার্ষিক সামরিক মহড়ায় অংশ নেয়ার আগ মুহূর্তে দু’ দেশের নাগরিকদের মধ্যে সাক্ষাতের এই ইতিবাচক পদক্ষেপ নেয়া হল। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে এমাসের শেষদিকে।এর আগে পিয়ংইয়ং যৌথ সামরিক মহড়া বাদ দিয়ে দুই দেশের মধ্যে সমঝোতার আহ্বান জানালেও তাকে দুরভিসন্ধিমূলক দাবি করে নাকচ করে দেয় সিউল।দীর্ঘ সময় পর দুই কোরিয়ায় অবস্থানকারী স্বজনদের দেখা-সাক্ষাৎ আবেগঘন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।পুনর্মিলনী নিয়ে বৈঠকের আগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান লি ডুক হিয়েং বলেন, “একটি ভালো ফলাফল পেতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের মধ্যে যাতে পুনর্মিলনীর হয় সে চেষ্টা করব।”“উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের জন্য সঠিকভাবে একটি নতুন বছর শুরুর জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দেব।”উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে কমপক্ষে ৭২ হাজার দক্ষিণ কোরীয় অপেক্ষায় আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অর্ধেকেরও বেশির বয়স ৮০ বছরের উপরে।তবে একবারে কিছুসংখ্যক লোক সাক্ষাতের সুযোগ পান। সীমান্তের অপর পাশে থাকা স্বজনরা বেঁচে আছেন কিনা তা জানেন না সাক্ষাতপ্রার্থীদের অনেকেই। সরকারি নিষেধাজ্ঞার কারণে দুই দেশের নাগরিকরা চিঠি, ফোন এমনকি ই-মেইলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
