‘সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে লিবিয়া’
লিবিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এসব অস্ত্রের মধ্যে মাস্টার্ড গ্যাস ভরা বোমা ও গোলা ছিল বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দেলাজিজ এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।তিনি বলেন, “ব্যবহারযোগ্য রাসায়নিক অস্ত্র থেকে লিবিয়া এখন পুরোপুরি মুক্ত। এসব অস্ত্র স্থানীয় অধিবাসী, পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকি হয়ে উঠতে পারতো।”রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কাজ ২৬ জানুয়ারি শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।“আন্তর্জাতিক সহায়তা ছাড়া এত অল্প সময়ের মধ্যে এ কাজ করা সম্ভব হতো না,” বলেছেন তিনি।এ বিষয়ে কারিগরি সহায়তার জন্য তিনি কানাডা, জার্মানি ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।২০০৪ সালে নিহত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির শাসন চলাকালে লিবিয়া দাবি করেছিল, তাদের কাছে ২৫ টন সালফার মাস্টার্ড গ্যাস এবং রাসায়নিক যুদ্ধের প্রযুক্তি সম্পন্ন গ্যাস না ভরা কয়েক হাজার আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা আছে।গাদ্দাফির আমলেই রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তিতে (সিডব্লিউসি) স্বাক্ষর করে এসব অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছিল লিবিয়া।
