‘নারীদের মানুষ বলে গণ্য করে না আম আদমি’
নারী সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে অভিযোগ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি) থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মধু ভাদুরি।
সোমবার এনডিটিভিকে তিনি বলেন, “আমার একটাই ইস্যু, তা হচ্ছে মানবতা। নারীরাও মানুষ। এই দলে নারীদের মানুষ বলে গণ্য করা হয় না।”
এএপি’র বৈদেশিকনীতি বিষয়ক প্যানেলের সাবেক সদস্য ভাদুরি আরো বলেন, “দলটির মানসিকতা খাপ পঞ্চায়েতের। এখানে নারীদের কোনো জায়গা নেই। দলটির অন্য নারী নেত্রীদের আত্মসম্মানবোধ থেকে থাকলে, তারাও পদত্যাগ করবেন।”
পর্তুগালে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বপালন করা ভাদুরি এপিপি’র আইনমন্ত্রী সোমানাথ ভারতি কৃতকর্মের জন্য এএপিকে আফ্রিকান নারীদের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। এএপি’র জাতীয় কাউন্সিল মিটিংয়ে ভাদুরি এ প্রস্তাব দিলে তাকে হেনস্থা করেছিলেন দলটির কর্মীরা।
“ভোটের ভারে পার্টি পরিবর্তিত হয়ে গেছে। তারা শুধু নির্বাচনে জিততে চায়,” বলেন ভাদুরি।
ভাদুরির এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে এএপি। দলটির অন্যতম নেতা আশুতোষ বলেন, “একজনের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী দলীয় দৃষ্টিভঙ্গী হতে পারে না। দলে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়।”
রাজ্য নির্বাচনে অবিশ্বাস্য সাফল্য পেয়ে রাজধানী দিল্লিতে সরকার গঠন করার পর দলের বিরুদ্ধে অসেন্তোষ প্রকাশকারী দ্বিতীয় নেতা ভাদুরি। মাত্র এক সপ্তাহ আগে কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ ও ‘একনায়ক’ অভিহিত করে দল থেকে বহিষ্কৃত হন বিধায়ক বিনোদ কুমার বিন্নি।
