মুম্বাইয়ে ভারতের প্রথম মনোরেল চালু
মুম্বাইয়ে ভারতের প্রথম মনোরেল সার্ভিসের উদ্বোধন হয়েছে। যানজট কবলিত মুম্বাইয়ের গণপরিবহন ব্যবস্থায় এটি একটি বড় ধরনের সংযোজন।
শনিবার মহারাষ্ট্র রাজ্যের মূখ্যমন্ত্রী পৃথভিরাজ চ্যাভান মনোরেল সার্ভিসের উদ্বোধন করেন বলে জানিয়েছে এনডিটিভি।গণপরিবহন হিসেবে রোববার থেকে এটির ব্যবহার শুরু হবে। প্রাথমিকভাবে মুম্বাইয়ের পূর্বপ্রান্তের ওয়াডালা এবং চেম্বুরের মধ্যে ৮.৯৩ কিলোমিটার রাস্তায় এই মনোরেল চলবে। মনোরেলে ২০ মিনিটের এই যাত্রা পথে সাতটি স্টেশন রয়েছে।মনোরেলের পুরো প্রকল্পটির কাজ শেষ হলে এটি ২০ কিলোমিটার পথ চলবে এবং দক্ষিণ মুম্বাইয়ের জ্যাকব সার্কেলের সঙ্গে পূর্ব মুম্বাইয়ের চেম্বুরের মধ্যে সংযোগ স্থাপন করবে। ওই সময় আরো ১১টি স্টেশন যোগ হবে বলে জানা গেছে।মনোরেল উদ্বোধন শেষে নিজের বক্তৃতায় চাভান মুম্বাইয়ে বড় ধরণের পরিকাঠামোগত উন্নয়নে তার কংগ্রেস সরকারের অর্জনের কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনেরও মুম্বাই তার ও তার মিত্রদের সমর্থন করবে।মে’র আসন্ন জাতীয় নির্বাচন ও বছর শেষে সাধারণ পরিষদ নির্বাচনের আগেভাগে এই প্রকল্পগুলোর উদ্বোধন যে প্রশ্নের জন্ম দিয়েছে তার জবাবে চাভান বলেন, “এটা ঠিক যে এই প্রকল্পগুলো বিলম্বিত হয়েছে। কিন্তু নির্বাচনের সময়ের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।”আসন্ন নির্বাচনের সঙ্গে মনোরেলের উদ্বোধনের কোনো সম্পর্ক নেই- চ্যাভান এমন দাবি করলেও কংগ্রেস ও মিত্র দলগুলোর নেতাদের নির্বাচনী পোস্টারে মনোরেল উদ্বোধনের ছবি শোভা পাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।তবে এটা নিয়ে মুম্বাইবাসীর খুব বেশি মাথা ব্যাথা নেই বলেই বিশ্লেষকদের ধারণা। কারণ তীব্র যানজটের শিকার মুম্বাইবাসীকে তাদের জীবনের এক-চতুর্থাংশ সময় রাস্তায় পার করতে হয়। নতুন এই প্রকল্প তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে তারা একে স্বাগতই জানাবে বলে মনে করেন তারা।
