সৌদি যাচ্ছেন ওবামা
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের প্রধান আরবমিত্র সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সিরিয়ার গৃহযুদ্ধ ও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সৌদি আরবকে আশ্বস্ত করতেই দেশটি সফরে যাচ্ছেন ওবামা।শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।অনামা আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্নালটি জানিয়েছে, সফরে এক শীর্ষ সম্মেলনে দেশটির বাদশা আবদুল্লাহর সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত হচ্ছেন ওবামা।শীর্ষ সম্মেলনের গুরুত্ব বোঝাতে গিয়ে ওই আরব কর্মকর্তা বলেন, “ক্ষতিগ্রস্ত সম্পর্ক ও বিলীয়মান বিশ্বাস ঠিক করতেই এ সম্মেলন।”কেন তিনি সিরিয়ায় আকাশ হামলা চালালোর বিরুদ্ধে অবস্থান নিলেন- সম্মেলনে সৌদি বাদশা এ বিষয়ে ওবামাকে প্রশ্ন করবেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট।“বিষয়টি এভাবে কেন করলেন ওবামা? সম্মেলনে এ বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে,” জানিয়েছেন ওই সৌদি কর্মকর্তা।জিজ্ঞেস করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি হোয়াইট হাউসের এক কর্মকর্তা।সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ, ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর পরমাণু চুক্তি, আরব বসন্ত ও মিশরের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় সৌদি আরব অসন্তুষ্ট।বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে ইসরায়েল ও অন্যান্য আরব রাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবও ক্ষুব্ধ হয়ে আছে।এসব বিষয় নিয়ে ঐতিহাসিক মিত্র দেশদুটির সম্পর্কের সম্প্রতি বেশ অবনতি হয়েছে।১৯৩২ সালে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার সময়কাল থেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সমর্থনে রিয়াদ যেমন আশ্বস্থ হয়েছে, তেমনি রিয়াদের তেল সরবরাহ যুক্তরাষ্ট্রকেও আশ্বস্থ করেছে।কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় মাধ্যমে প্রথমবারের মতো দুদেশের সম্পর্ক একটা বড় ধরনের ঝাঁকি খায়। কারণ হামলায় ব্যবহৃত বিমানগুলোর ছিনতাইকারীরা সবাই ছিল সৌদি নাগরিক।এই ঘটনার পরপর যুক্তরাষ্ট্রের ইরাক দখলের ঘটনায়ও হতাশ হয় সৌদি আরব। এরপর সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা দেশদুটির সম্পর্ক আরো জটিল করে তোলে।
