দেবযানির কূটনৈতিক ছাড়ের দাবি চ্যালেঞ্জ
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ভারতীয় কূটনীতিক দেবযানি খোবড়াগারেকে নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক কূটনীতিক টানাপড়েনের পর আবারও তার কূটনীতিক ছাড়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় দেবযানি কোনো ছাড় পান না এবং তাকে ভিসা জালিয়াতি মামলার মুখোমুখি করা উচিত, শুক্রবার আদালতে দায়ের করা অভিযোগে এমন দাবি জানিয়েছেন নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আইনজীবীরা।
গৃহকর্মীকে দেয়া মজুরি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগে ১২ ডিসেম্বর দেবযানিকে নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ম্যানহাটনের ফেডারেল আদালতের হেফাজতে নেয়ার পর তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়েছিল।
এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তী কয়েক সপ্তাহ ধরে ভারত ও যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনীতিক বিবাদে জড়িয়ে পড়েছিল।
দুইপক্ষের সমঝোতায় দেবযানির ভারতে ফিরে আসার মধ্য দিয়ে সেই বিবাদ স্তিমিত হতে না হতেই আবার নতুন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে ম্যানহাটনের সরকারি আইনজীবীদের এই উদ্যোগে।
ম্যানহাটনের সরকারি আইনজীবী প্রিট ভারারা’র দপ্তর থেকে করা আর্জিতে বলা হয়েছে, দেবযানি একজন সাবেক কূটনীতিক হওয়ায় বিচার থেকে ছাড় পান না তিনি।
আর্জিতে ভারারার সহকারী আইনজীবী ক্রিস্টি গ্রিনবার্গ ও আমান্ডা ক্রামার বলেছেন, “বর্তমানে দেবযানির কোনো কূটনীতিক মর্যাদা নেই, তাকে গ্রেপ্তারের সময়, তিনি কন্স্যুলার কর্মকর্তা থাকায় দাপ্তরিক আইনানুয়ায়ী তাকে ছাড় দেয়া হয়েছিল।”
ভারতীয় কর্মকর্তাদের দাবির মুখে নিউইয়র্কের ভারতীয় কন্স্যুলের কর্মকর্তা হিসেবে তাকে ছাড় দেয়া হয়েছিল বলে দাবি করে নিউইয়র্কের সরকারি ওই আইনজীবীরা।
চলতি মাসের প্রথমদিকে দেবযানিকে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে বদলি করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সুযোগ তৈরি করতেই এ বদলি করা হয়।
এ সিদ্ধান্তের একদিন পরই তাকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলে দেশটির কর্তৃপক্ষ।
১৪ জানুয়ারি দেবযানি ভারতে ফিরে আসেন। ওদিকে নিউইয়র্কে দেবযানির আইনজীবী তার বিরুদ্ধে আনা মামলা তুলে নেয়ার জন্য আদালত বরাবর এক আর্জি পেশ করেন।
ওই আর্জিতে তার আইনজীবী দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেবযানিকে কূটনীতিক ছাড় দেয়ায় যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার অভিযোগ থেকেও তিনি পুরোপুরি ছাড় পাবেন।
কিন্তু তার এ দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবীরা আদালতের কাছে পাল্টা দাবি পেশ করল।
