২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পঞ্চায়েতের নির্দেশে ধর্ষণ

ভারতে কিছুদিন আগে মোড়লের নির্দেশে এক নারী ধর্ষণের শিকার হওয়ার পর এবার পাকিস্তানে পঞ্চায়েতের নির্দেশে ধর্ষিত হলেন এক বিধবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

ভাইয়ের সঙ্গে প্রতিবেশী এক নারীর সম্পর্কের জেরে পাঞ্জাব প্রদেশে মুজাফফরগড়ের দেরা দিন পানা এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ৬ জনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে জিও টিভি।

নির্যাতিতা ওই নারী পুলিশকে জানান, তার ভাইয়ের অপরাধের সাজা হিসেবে তাকে অত্যাচার করা হয়েছে।

তিনি বলেন, “পঞ্চায়েতে ঘোষণা করা হয়, আমার ভাইয়ের সঙ্গে প্রতিবেশী এক নারীর সম্পর্ক আছে। এরপর তারা বলে, তোমার ভাই এ গ্রামের আরেক পরিবারের নারীকে অসম্মান করেছে। সুতরাং এই অসম্মান তোমারও প্রাপ্য। তোমাকে অসম্মান করে সুবিচার নিশ্চিত করতে হবে।”

জিও টিভি জানায়, পঞ্চায়েতের নির্দেশে বিধবা মেয়েটিকে ধর্ষণ করে প্রতিবেশী ওই নারীর বাবা এবং দুই ভাই।

তবে পুলিশ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। পঞ্চায়েত শুধুমাত্র শাস্তির নির্দেশ দিয়েছিল এবং ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় তারা।

পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও পঞ্চায়েত প্রধান ও তার দুই সহযোগীসহ ছয়জন ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ।