ইরানের পরমাণু আলোচনা ১৮ ফেব্রুয়ারি: রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত চুক্তি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির সঙ্গে নিউ ইয়র্কে ১৮ ফেব্রুয়ারিতে আলোচনা হবে বলে জানিয়েছেন রাশিয়ার এক কূটনীতিক।
ইরানে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরার দীর্ঘ-মেয়াদি চুক্তিটি নিয়েই এ আলোচনা হবে বলে কূটনীতিক মিখাইল ইউলিয়ানভের উদ্ধৃতি দিয়ে শুক্রবার জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।
ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে সন্দেহে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ছয়বিশ্বশক্তি ইরানকে এ কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা করে আসছে।গত বছর জেনেভায় প্রায় দু’মাস ধরে তিন দফা আলোচনার পর ২৪ নভেম্বরে ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে ছয় মাস মেয়াদি একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছে ছয় বিশ্বশক্তি।এবার চুক্তিটি নিয়ে পরবর্তী দফা আলোচনা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক বিভাগের প্রধান ইউলিয়ানভ বলেন, “নিউ ইয়র্কে ১৮ ফেব্রুয়ারিতে রাজনীতি পরিচালনাকারীদের উচ্চপর্যায়ে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠানের ব্যাপারে সমঝোতা হয়েছে।”
