উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার পদত্যাগ
ভারতের উত্তরাখন্ডের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার যথেষ্ঠ তৎপর ছিল না বলে অভিযোগের ধারাবাহিকতায় পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা।
শুক্রবার সকালে উত্তরাখন্ডের রাজ্যপাল আজিজ খুরেশির কাছে বিজয় পদত্যাপত্র জমা দেন বলে এনডিটিভি জানিয়েছে।
২০১৩ সালের জুন-জুলাই মাসে উত্তরাখন্ডে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। কিন্তু এই দুর্যোগে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ডে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের পদক্ষেপ যথেষ্ঠ ছিলনা বলে বিরোধীদলগুলো অভিযোগ করে।
কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাও এ নিয়ে অসন্তুষ্ট মনোভাব প্রকাশ করেন।
চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্নীতিসহ বিভিন্ন কারণে চাপে থাকা কংগ্রেস দলীয় ভাবমূর্তি বাড়াতে মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনাকে পদ ছাড়তে চাপ দিয়ে যাচ্ছিল।
এ লক্ষ্যে বুধবার কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির নেতৃত্বে বৈঠকও হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত হয় বলে জানা যায়।
