২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মিনিট নীরবতায় সিরিয়ার দুইপক্ষ

সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষ একসঙ্গে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তিন বছরের গৃহযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

জেনেভায় এক সপ্তাহব্যাপী চলমান সিরিয়া শান্তি আলোচনায় দুই শত্রুপক্ষের মধ্যে সম্প্রীতির এ এক বিরল প্রতীক। যে আলোচনায় এখন পর্যন্ত কোনো আপোসরফায় পৌঁছতে পারেনি দুই পক্ষ।তবে বুধবারের আলোচনায় সিরিয়া সরকার ও বিরোধীপক্ষ ২০১২ সালের জেনেভা সম্মেলনের ঘোষণাপত্রের ভিত্তিতে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়ে প্রথম ইতিবাচক পদক্ষেপ নেয়।এরপরই বৃহস্পতিবার এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিরল সম্প্রীতি দেখাল তারা।সিরিয়ার সরকার বিরোধী পক্ষের প্রতিনিধি আহমাদ জাকাল বলেছেন, তার প্রতিনিধিদলের প্রধান হাদি আল-বাহরা এ কর্মসূচি পালনের প্রস্তাব দেন।এরপরই সিরিয়া সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদলের সবাই এবং তাদের সঙ্গে ব্রাহিমির দলও উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।“শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সবাই উঠে দাঁড়ায়। প্রতীকীভাবে এটি ভালই হয়েছে”, বলেন, জাকাল।শান্তি আলোচনা কতদূর এগিয়েছে এ ব্যাপারে কূটনীতিকরা জানান, মানবিক সাহায্যের বিষয়টিতে এখনো কোনো অগ্রগতি হয়নি এবং জাতিসংঘ ত্রাণবহর অবরুদ্ধ হোমস শহরে ঢোকার অপেক্ষায় আছে।এর আগে বুধবার প্রথম দফা শান্তি আলোচনা থেকেই প্রকৃতপক্ষে কোনো কিছু অর্জন হওয়ার আশা নেই বলে জানিয়েছিলেন সিরিয়ার দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি।তবে তারপরও আলোচনা নিয়ে ‘হতাশ নন’ এবং বরফ ধীরে ধীরে গলছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার প্রথম দফা আলোচনা শেষের পর দ্বিতীয় দফা শান্তি আলোচনা আরো বেশি ‘পরিকল্পিত এবং ফলপ্রসূ’ হবে বলে আশা প্রকাশ করেন ব্রাহিমি।

সিরিয়া শান্তি আলোচনায় ‘বরফ গলছে’