চীনে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক বহিষ্কার
ভিসা নবায়ন করতে না পেরে অবশেষে বেইজিং ছাড়তে বাধ্য হয়েছেন চীনে কর্মরত নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক।
বিবিসি জানায়, অস্টিন রমজি ছয় বছর ধরে চীনে থেকে টাইম ম্যাগাজিনের হয়ে কাজ করছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে যোগ দেয়ার পর গত জুনে নতুন করে ভিসার আবেদন করেন তিনি।তবে বৃহস্পতিবার পর্যন্ত ভিসা হাতে না পেয়ে চীন ছেড়েছেন রমজি। বিদেশি সাংবাদিকদের কাজের ক্ষেত্রে চীনের কড়াকড়ির সর্বশেষ শিকার নিউ ইয়র্ক টাইমসের এই সাংবাদিক।চীনে বিদেশি সাংবাদিকদের সংগঠন ‘ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব অব চায়না (এফসিসিসি) জানায়, রমজি গত ১৮ মাসে অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া অথবা সাংবাদিক ভিসা না পাওয়া নিউ ইয়র্ক টাইমসের তৃতীয় সাংবাদিক।তবে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাঙ বলেন, রামজি তার সাংবাদিক কার্ড ও আবাসন অনুমতিপত্র নবায়নের ক্ষেত্রে কিছু আইনকানুন ভঙ্গ করেছেন।২০১৩ সালে রমজির ভিসার মেয়াদ শেষের পর আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ তাকে ৩০ দিন সময় দিয়েছিল বলে দাবি করেন গ্যাঙ।
