২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাজার হাজার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে’ সিরিয়া

সিরিয়া সরকার ‘ইচ্ছাকৃত এবং অবৈধভাবে’ হাজার হাজার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বলে এক নতুন প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’(এইচআরডব্লিউ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

স্যাটেলাইটে তোলা ছবিতে বিস্ফোরণ ঘটিয়ে এবং বুলডোজার দিয়ে ব্যাপকহারে ঘরবাড়ি ধ্বংসের দৃশ্য দেখা গেছে। ২০১২-২০১৩ সালে রাজধানী দামেস্ক এবং হামার বিদ্রোহী ঘাঁটিগুলোতে চালানো হয় এ ধ্বংসযজ্ঞ।বেসামরিক নাগরিকদের সম্পত্তি এরকম ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলাটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া সরকার এবং বিদ্রোহী পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলার মাঝে এইচআরডব্লিউ এ প্রতিবেদন প্রকাশ করল।এতে ব্যাপকহারে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়ার ৭টি ঘটনা লিপিবদ্ধ করে বলা হয়েছে, ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুলাইয়ের মধ্যে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়।স্যাটেলাইটের ছবিতে দামেস্ক এবং হামার ৭ টি স্থানে ধ্বংসযজ্ঞের আগের ও পরের পরিস্থিতি দেখা গেছে। বহু ছবিতেই ভবন, ফ্ল্যাট কিংবা কয়েকতলা উঁচু বাড়িও ভেঙে মাটিতে মিশিয়ে ফেলতে দেখা গেছে।এইচআরডব্লিউ জানায়, তাদের কাছে অন্তত ১৪৫ হেক্টর জমির ওপরকার ঘরবাড়ি ধ্বংসের প্রমাণ আছে। এ ধ্বংযজ্ঞের কারণে সিরিয়ার হাজার হাজার পরিবার গৃহহারা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।“যুদ্ধকৌশল হিসাবেও এ ধরনের কর্মকাণ্ড বৈধ নয়”, বলেছেন, এইচআরডব্লিউ’র বিশেষজ্ঞ ওলে সোলভাঙ। বেআইনি এ কার্মকাণ্ডটিও সিরিয়া সরকারের যুদ্ধাপরাধের দীর্ঘ তালিকায় যোগ হল বলে মন্তব্য করেন তিনি।