২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা ও গুলিতে ১৯ জনের মৃত্যু

ইরাকের রাজধানী বাগদাদে বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

পুলিশ জানায় বাগদাদের প্রধানত শিয়া অধ্যুষিত জেলায় বুধবার এই ঘটনাগুলো ঘটে।নতুন বছরের শুরুতে ইরাকজুড়ে নৃশংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি মাসে এখন পর্যন্ত প্রায় একহাজার মানুষ বিভিন্ন হামলা ও নৃশংসতায় মারা গেছেন।তাৎক্ষণিকভাবে বুধবারের হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় সুন্নি জঙ্গিরা প্রায় এই ধরনের হামলা চালিয়ে থাকে। এই জঙ্গিদলের অনেকগুলোই আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট।২০১৩ সাল থেকে তারা আবার ইরাকে নিজেদের অবস্থান শক্ত করেছে।রাজধানীর দক্ষিণে শুলা জেলায় বুধবার বিকালে জোড়া বোমা বিস্ফোরণে সাত জন মারা গেছেন। এছাড়া নিউ বাগদাদে একটি গাড়ি বোমা বিস্ফোরণে আরো পাঁচজন এবং তালিবিয়ায় অন্য একটি বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছেন।আর প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এলাকা ক্যাম্প সারাহতে বন্দুকধারীরা তিনজনকে গুলি করে হত্যা করেছে।জাতিসংঘ জানিয়েছে, গত পাঁচ বছরের মধ্যে ২০১৩ সালে ইরাকে সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটেছে। ওই বছর প্রায় নয় হাজার মানুষ বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন।ইরাকে সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ সিরিয়ার চলমান গৃহযুদ্ধকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। এই গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যে জাতিগত উত্তেজনাকে উসকে দিচ্ছে বলেও মনে করেন তিনি।