২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের প্রেমে তোপের মুখে নেতানিয়াহু

অন্যধর্মের মেয়ের সঙ্গে ঘোরাফেরা থেকে নিজের ছেলেকে ফেরাতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 01:23 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

ইসরাইলের রক্ষণশীল রাজনীতিক, গোঁড়া ইহুদি সংগঠন, এমন কি নিজের দল লিকুদ পার্টির নেতাকর্মীরাও নেতানিয়াহুর ওপর ক্ষেপেছেন।

বেনিয়ামিন নেতানিয়াহুর ২৩ বছর বয়সী ছেলে জিয়ার নেতানিয়াহু এক নরওয়েজিয়ান মেয়েকে নিয়ে ইসরাইলের হারজিয়ায় অবস্থিত বিখ্যাত ‘ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার’ কলেজে হাজির হয়েছিলেন।

নরওয়ের সাংবাদপত্র ‘ডেজেন’র এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে নেতানিয়াহু ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলন চলাকালে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্জের সঙ্গে বৈঠক করেছিলেন। এ সময় নিজের ছেলের নরওয়েজিয়ান বান্ধবী নিয়েও কথা তোলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছিলেন, ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান মেয়ে সান্দ্রা লেইকানগার তার ছেলের বান্ধবী। গত গ্রীষ্মের ছুটিতে তারা দুজন নরওয়ে ঘুরতেও এসেছিল।

লেইকানগারের ফেইসবুক থেকে দুজনের যুগল একটি ছবিও ছেপেছিল নরওয়ের ওই পত্রিকাটি।

ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়ে অনুপ্রবেশের নিয়ম নেই। আবার অন্যধর্মের বিয়ে করাও ইহুদিদের জন্য শতভাগ নিষিদ্ধ।

ইহুদি শিশুরা বড় হয় মায়ের ধর্মের পরিচয়ে। সেক্ষেত্রে ভিনধর্মী কোনো মেয়ে ইহুদির সন্তান ধারণ করলেও তাকে ধর্মে অন্তর্ভুক্ত করা হয় না।

ইসরাইলের অতিরক্ষণশীল দল সাস পার্টির নেতা নিসিম জিয়াব বলেন, “এটা খুবই বড় সমস্যা। ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে এবং ইহুদিদের প্রধানমন্ত্রী হিসেবে তাকে অবশ্যই তার পারিবারিক কাজকর্মের মাধ্যমে জাতিকে উপস্থাপন করতে হবে।”

“আমি মনে করি এটা তাকে অনেক ভোগাবে। ধর্মের মৌলিক ভিত্তি ঠিক রাখতে চায় এমন কোনো ইহুদিই একজন নন ইহুদি মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে মেনে নেবে না।”

লিকুদ পার্টির নেতা মোসেহ ফাইজেলিন বলেন, “আমি একথায় বলতে পারি, যা হচ্ছে তা একেবারেই দুর্ভাগ্যজনক।”

ডানপন্থী সংমিশ্রণ বিরোধী ইহুদি সংগঠন লেহাবার পক্ষ থেকে বলা হয়, নেতানিয়ার ছেলে একজন জেনটাইল (নন ইহুদি) পেয়ে বসেছেন। তার বাবা তাকে নিয়ে গর্ব করেন, তাকে জাতিগত সংমিশ্রণ ও ইহুদিদের ধ্বংস করার বৈধতা দিয়েছেন।