সমকামিতা প্রশ্নে আগের রায়ই বহাল ভারতে
ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতার বৈধতা প্রশ্নে আগের রায়ই বহাল রেখেছে।
ভারতে ১৫৩ বছরের পুরোনো আইনের ৩৭৭ ধারা বহাল রাখার বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ও কয়েকটি মানবাধিকার সংগঠনের করা রিভিউ পিটিশন মঙ্গলবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চে আবেদনটির শুনানির পর তা খারিজ করেন বিচারকরা।
রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দন্ডনীয় অপরাধ। সংসদ আইন করে এই ধারা লোপ না করা পর্যন্ত সমকামিতা আইনত অপরাধ বলেই গণ্য হবে।
সমকামিতা নিয়ে আন্দোলনকারীরা এ রায়ে হতাশ হয়েছে। তবে এর বিরুদ্ধে আবারো পিটিশন দাখিল করার প্রত্যয় জানিয়েছে তারা।
এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। সে রায়ে বলা হয়েছিল, ভারতীয় দন্ডবিধির এই ধারা বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী।
পরে গত বছর ১১ ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ওই ধারা বহাল রাখার রায় দেয়। সঙ্গে সঙ্গেই এর তীব্র সমালোচনা করে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সমকামিতার অধিকার নিয়ে আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতেই সরকার ২০ ডিসেম্বরে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে।
