২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান বিলাওয়ালের

পাকিস্তানের নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 02:25 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বিলাওয়াল বলেন, রাজনীতিবিদদের অবশ্যই তালেবান গোষ্ঠীর মতো সশস্ত্র জঙ্গিদলগুলোর হুমকির বিরুদ্ধে জেগে উঠতে হবে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল এই আহ্বান জানান।

পাকিস্তানের ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকার জরুরি বৈঠকের আয়োজন করার মধ্যেই বিলাওয়াল এই মন্তব্য করলেন।

২৫ বছর বয়সী বিলাওয়াল ২০১৮ সালে অনুষ্ঠিতব্য পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছেন।

বিবিসিকে দেয়া বিশেষ এই সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, পাকিস্তান জঙ্গিদের সঙ্গে আলোচনার সময় পার হয়ে এসেছে। সেই বিকল্প শেষ। এখন সামরিক অভিযান পরিচালনা করা প্রয়োজন।

তিনি বলেন, “আলোচনা সবসময়ই একটি বিকল্প কিন্তু আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে।”

তিনি আরো বলেন, “শক্তিশালী অবস্থানে থেকে আপনার ভাষা কী হবে? আমরা তাদের লড়াইয়ের ময়দানে পরাজিত করবো। কারণ তারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে।”

সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, তিনি মনে করেন, ২০০৭ সালে তার মা বেনজির ভুট্টোকে হত্যার পর সমগ্রদেশ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠে ছিল। কিন্তু রাজনীতিবিদরা সেই চেতনা বা সুযোগ ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া উচিৎ- এই বিশ্বাসও সেই সুযোগ হাতছাড়া হওয়ার জ্ন্য অংশত দায়ী।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক জঙ্গি হামলার ব্যাপারে আলোচনার জন্য পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশন ডেকেছে। সাম্প্রতিক এই হামলাগুলোর মধ্যে চলতি মাসের শুরুর দিকে একটি সেনা বহরে হামলার ঘটনাও ঘটেছে।

জাতীয় পরিষদের ওই অধিবেশনে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হবে কিনা এ বিষয়ে কোনো কোনো সিদ্ধান্তগ্রহণ ছাড়াই শেষ হয়। যদিও নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার আলোচনার পক্ষপাতী।