২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর নিয়ে জেনেভা বৈঠকে ‘অচলাবস্থা’

জেনেভা শান্তি আলোচনায় সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধপূর্ণ ইস্যু নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 11:21 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সিরিয়া সরকারের প্রতিনিধিরা বৈঠকে আলোচনার জন্য নীতিমালা সংক্রান্ত যে দলিল পেশ করেছে তাতে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে কিছু উল্লেখ নেই।

সিরিয়া সরকারের এ ‘মৌলিক নীতিমালার ঘোষণাপত্র’ তে বলা হয়েছে, সিরীয়রা এমন একটি রাজনৈতিক পদ্ধতি বেছে নেবে যেখানে ‘বিদেশ থেকে চাপিয়ে দেয়া কোনো ফর্মূলা’ থাকবে না। এ ফর্মূলা বলতে দৃশ্যত: পশ্চিমা ও আঞ্চলিক বিভিন্ন দেশের দাবি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগকেই বুঝানো হয়েছে।

সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর পক্রিয়ার অংশ হিসাবে আসাদের পদত্যাগ দাবি করে আসা বিরোধীপক্ষ বৈঠকে সরকারপক্ষের এ ঘোষণাপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার সরকারবিরোধী পক্ষের প্রতিনিধিদলের প্রধান আলোচক হাদি আল বাহরা রয়টার্সকে বলেন, “ঘোষণাপত্রটি জেনেভা আলোচনার কাঠামো-বহির্ভূত। মূল আলোচ্য বিষয় হচ্ছে অন্তর্বর্তী একটি সরকার গঠন। ঘোষণাপত্রে এর উল্লেখ নেই”।

কয়েকটি সূত্র জানিয়েছে, সরকারপক্ষের প্রস্তাব বিরোধীরা প্রত্যাখ্যান করার পরপরই আলোচনায় মধ্যস্থতাকারী জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি অধিবেশন মুলতবি করতে বাধ্য হন।

পরে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বিষয়টি নিয়ে আলাদাভাবে জাতিসংঘ মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান।

তিনি বলেন, “আমরা এখানে সন্ত্রাস নিয়ে আলোচনা করতে এসেছি, ক্ষমতা হস্তান্তর নিয়ে নয়”।