২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জনমত জরিপে এগিয়ে যাচ্ছে বিজেপি

ভারতে লোকসভা নির্বাচন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শুরু হওয়া জনমত জরিপে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

নির্বাচনে কে কত আসন পাবে, সেই আনুমানিক হিসাবে উনিশ-বিশ ফারাক থাকলেও সব জরিপেরই মূল কথা একটাই। তা হল, কংগ্রেসের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। আর কংগ্রেসকে ছাপিয়ে অনেক দূর এগিয়ে গেছে বিজেপি।

বিশেষ করে এ সপ্তাহের তিনটি জনমত জরিপে এ বিষয়টি স্পষ্ট ধরা পড়েছে। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচনে পরিষ্কার জয় পাবে বিজেপি।

আনন্দবাজার জানিয়েছে, ক্ষমতাসীন দল কংগ্রেসের আসন সংখ্যা এবার প্রথমবারের মতো একশোরও নীচে চলে যেতে পারে। এক মাত্র দক্ষিণ ভারত বাদ দিলে উত্তর, মধ্য, পূর্ব বা পশ্চিম দেশের সব অংশেই কংগ্রেস তথা ইউপিএ-কে পিছনে ফেলে দিতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

এসি নিয়েলসেন করপোরেশন ও আনন্দবাজার পত্রিকা পরিচালিত জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ২২৬ আসন। যার মধ্যে ২১০ টিই এককভাবে পাবে বিজেপি।

ওদিকে, কংগ্রেস নেতৃত্বধীন ইউপিএ ১০১ টির বেশি আসন পাবে না এবং এককভাবে কংগ্রেসের আসন সংখ্যা ৯০ এর নিচে চলে যাওয়ার আশঙ্কা আছে এমনটিই দেখা গেছে জরিপে।

ইন্ডিয়া টুডে-সি ভোটার জানায়, এনডিএ জোট পেতে পারে ২০৭ থেকে ২১৭টি আসন। অন্য দিকে কংগ্রেস-সহ ইউপিএ জোট আইবিএন-সিএসডিএস-এর জরিপে ১০৭ থেকে ১২৭টি আসন পেলেও ইন্ডিয়া টুডে-সি ভোটার দিয়েছে ৯৮ থেকে ১০৮টি আসন।

জরিপে উঠে আসা অন্য দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্লকের মধ্যে আছে বাম দলগুওলো (৩০ আসন পেতে পারে) এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস (২৬ আসন পেতে পারে)।

দেশ জুড়ে ২৮০টি লোকসভা কেন্দ্রে ৬৪ হাজার ৬ জনের মতামতের ভিত্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়েছে।

বিজেপি নেতাদের দাবি, জনমত জরিপ থেকেই স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই দেশের মানুষের পছন্দ।

কিন্তু এর পরেও কি মোদী স্থায়ী সরকার গড়তে পারবেন কিনা সে প্রশ্নে জনমত জরিপগুলো খতিয়ে দেখলে বলা যায়, বিজেপি এনডিএ জোটের পুরনো শরিকদের ফিরিয়ে আনতে পারলে এবং টিআরএস-এর মতো নতুন শরিকদের কাছে টানতে পারলে মোদীর প্রধানমন্ত্রীর গদিতে বসা কঠিন নাও হতে পারে।

ওদিকে, লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) কী করবে সে প্রশ্নে জরিপগুলোতে দেখা যাচ্ছে, দিল্লির বাইরে উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় ও মহারাষ্ট্রের মতো রাজ্যে একটি-দু’টি করে আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। তবে দেশ জুড়ে আপ তেমন প্রভাব না-ও ফেলতে পারে।