২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সংবিধান পেল তিউনিসিয়া

তিউনিসিয়ার সংসদে একটি নতুন সংবিধান গৃহীত হয়েছে। তিন বছর আগে প্রেসিডেন্ট জিন আল-আবেদিন বেন আলির উৎখাতের পর এই প্রথম দেশটি কোনো সংবিধান পেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 02:24 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার জাতীয় গণপরিষদে সংবিধানটি ২১৬ ভোটের মধ্যে ২০০ ভোট পেয়েছে। সংবিধানটি পাস হওয়ার জন্য পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিলো।বিশেষজ্ঞরা বলেন, তিউনিসিয়ার রাজনীতিবিদরা আশা করছেন এই সংবিধানের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বার্তা দেয়া যাবে।গত কয়েক মাস ধরে ইসলামপন্থী ও সেকুলার বাহিনীর মধ্যে সংঘর্ষে দেশটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে বিবিসি জানিয়েছে।সংবিধান পাস হওয়ার পর পরিষদের স্পিকার মুস্তাফা বেন জাফর এপিকে বলেন, “এই সংবিধান একটি ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হয়েছে। যদিও এটা নিখুঁত নয়।“এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মেহদি জোমা বলেন, তিনি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন।নতুন মন্ত্রিসভা নির্দলীয় ও অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা গঠিত হবে এবং নতুন করে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।তবে ঠিক কবে নাগাদ নির্বাচন হবে তা এখনো ঠিক হয়নি।দেশটির বর্তমান ক্ষমতাশীন দল এনাহদা পার্টি বেশ কিছু বিষয়ে ছাড় দেয়ার নিশ্চয়তা দেয়ার পর শুক্রবার নতুন সংবিধান পাসের ব্যাপারে উদ্যোগ নিতে রাজী হয় সংসদ। যেসব বিষয়ে ছাড় দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো দেশে ইসলামি শরিয়াভিত্তিক আইন চালু করা হবে না।এর ফলে দেশটিতে অন্যান্য ধর্মের অধিকার নিশ্চিত হল। যদিও রাষ্ট্র ধর্ম ইসলামকে করা হয়েছে।২০১১ সালে স্বৈরশাসক জিন আল-আবেদিন বেন আলিকে উৎখাতের পর দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয় এনাহদা পার্টি।কিন্তু তাদেরকে ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর কঠোর বিরোধিতার মুখে পড়তে হয়। এছাড়া এনাহদা পার্টি দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলা করতেও ব্যর্থ হয়। এর ফলে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়।গত বছর দুইজন ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদকে হত্যার পর তিউনিসিয়ায় রাজনৈতিক সংকট আরো চরম আকার ধারণ করে।এছাড়া এ মাসের শুরুতে এনাহদা পার্টির প্রধানমন্ত্রী আলি লারায়েধ পদত্যাগ করলে জটিলতা আরো বেড়ে যায়। পরে মেহদি জোমাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়।