লিবিয়ায় অপহৃত ৫ মিশরীয় দূতাবাসকর্মী মুক্ত
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত মিশরীয় দূতাবাসের পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দেয়া হয়েছে।
লিবিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রাজাক গ্রাদি রোববার বিবিসিকে জানান, তিনজন কূটনীতিককে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকিদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।“আমি নিশ্চিত করে বলতে পারি মিশরের দূতাবাসের তিনজন কর্মকর্তা বাড়িতে আছেন এবং বাকিদের রাষ্ট্রীয় হেফাজতে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।““তারা সুস্থ আছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে।“এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।অপহরণের পর ত্রিপোলি ও বেনগাজির দূতাবাস থেকে সব কর্মী সরিয়ে নিয়েছে কায়রো।অপহৃত ওই পাঁচজনের চারজনকে শনিবার তাদের বাড়ি থেকে এবং অন্য একজনকে শুক্রবার ধরে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল সেটা এখনো পরিষ্কার নয়।তবে ধারণা করা হচ্ছে লিবিয়ার একটি বিদ্রোহী দলের নেতাকে গ্রেপ্তারের সঙ্গে এর সম্পর্ক আছে। লিবিয়া রেভ্যুলুশনারিস অপারেশন রুম (এলআরওআর) এর প্রধান শাবান হাদিয়াকে শুক্রবার মিশর থেকে গ্রেপ্তার করা হয়।শনিবার অপহরণের পর দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াতে শাবান হাদিয়ার মুক্তি দাবি করা হয়। একজন কূটনীতিকের মাধ্যমে কায়রোতে টেলিফোনের মাধ্যমে এই দাবির কথা জানানো হয়েছিল।হাদিয়াকে মুক্তি দেয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।যদিও এলআরওআর এই অপহরণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।এদিকে গ্রাদি মনে করেন, ওই পাঁচ কূটনীতিকে সফলভাবে ছাড়িয়ে আনার মাধ্যমে এটা প্রমাণ হল যে, লিবিয়ার কর্তৃপক্ষ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে।সম্প্রতি লিবিয়ায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে অপহরণের দায় বিদ্রোহীদের ওপর চাপানো হয়েছে। সরকারও প্রায়ই তাদের মুক্তিপণ দেয়। তবে ওই বিদ্রোহীদের মিত্র কারা বা কে তাদের নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে বিতর্ক আছে।
