ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ
ইউক্রেনে সরকারবিরোধী নেতারা প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ব্যর্থ হয়েছে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা।
শনিবারের আলোচনার পর প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধী নেতা আরসেনি ইয়াতসেনিয়াককে দেশের প্রধানমন্ত্রীর পদ এবং আরেক বিরোধী নেতা ভিতালি ক্লিসকোকে উপ-প্রধানমন্ত্রীর পদ দেয়ার প্রস্তাব করেছিলেন।
কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।
বিরোধী নেতা ইয়াতসেনিয়াক বলেছেন, বিরোধীরা সাধারণভাবে নেতৃত্ব মেনে নিতে রাজি। কিন্তু সরকারকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আগে মেনে নিতে হবে। এর মধ্যে রয়েছে নতুন নির্বাচন দেয়ার দাবি।
ইউক্রেনে শনিবার রাতভর বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভে পুলিশদের একটি ভবনে ভাঙচুর চালায়।
অস্থিরতার অবসান ঘটানোর চেষ্টাতেই প্রেসিডেন্ট সাম্প্রতিক ওই প্রস্তাব দিয়েছিলেন বিরোধীদের। কিন্তু তারা এ প্রস্তাবকে প্রেসিডেন্টের দুর্বলতা হিসাবে নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করার আন্দোলনে অগ্রসর হচ্ছে।
শনিবার কিয়েভে বিশাল এক জনসভায় বিরোধী নেতারা কয়েকবার নতুন করে তাদের দাবি উত্থাপন করেছেন। সরকার দেশের দায়িত্ব নিতে প্রস্তুত না। ফলে তারা বিরোধীদেরকে সরকার পরিচালনার প্রস্তাব দিয়েছে বলে মন্তব্য করেন তারা।
রাজধানী কিয়েভে চলতি সপ্তাহজুড়ে চলা সহিংস বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর না করায় গত নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
চলতি বিক্ষোভটি শুরু হয় রাজপথে আন্দোলন বিক্ষোভ নিষিদ্ধ করে সরকারের একটি আইন পাস করাকে কেন্দ্র করে। ইউক্রেন সরকারের এধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
