সঙ্গীনীর সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ওলাঁদের
ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরওয়েলার সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এক অভিনেত্রীর সঙ্গে গোপন প্রেমের সম্পর্কের খব গণমাধ্যমে ঝড় তোলার পর বর্তমান সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ওলাঁদ।
শনিবার বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসে (এএফপি)ওলাঁদ এ ঘোষণা দেন।এএফপি’কে তিনি বলেন, “আমি এটা জানাতে চাই, আমি ভ্যালেরি ট্রিয়েরওয়েলারের সঙ্গে আমার সম্পর্কের ইতি টেনেছি।”দুই সপ্তাহ আগে প্রকাশতি এক প্রতিবেদনে ফরাসি সাময়িকী ক্লোজার জানিয়েছিল, ওলাঁদ চলচ্চিত্র অভিনেত্রী ও সোশ্যালিস্ট পার্টির সমর্থক জুলি গায়েতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন।এ খবর প্রকাশের পর ফরাসি গণমাধ্যমে আলোড়ন তৈরি হলে ওই আলোচনা বন্ধ করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আবেদন জানিয়েছিলেন ওলাঁদ।প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন ও তার সঙ্গীনী ট্রিয়েরওয়েলার এখনও ফ্রান্সের ফার্স্ট লেডি আছেন কীনা তা নিয়ে ফরাসি জনগণের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়, এতে ওলান্দের রাজনৈতিক কার্যক্রম থেকে ব্যক্তিগত জীবনই বেশি আলোচিত হতে থাকে।ট্রিয়েরওয়েলার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দিয়ে ওলাঁদ জানিয়েছেন, এসব আলোচনা তার ব্যক্তিগত জীবন নিয়ে বিধায় তিনি একজন ব্যক্তি হিসেবেই এ ঘোষণা দিয়েছেন, ফরাসি রাষ্ট্রপ্রধান হিসেবে নয়।সাপ্তাহিকী ‘প্যারিস ম্যাচে’র ৪৮ বছর বয়সী কলাম লেখক ট্রিয়েরওয়েলার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বিয়ের বন্ধনে না জড়ালেও ২০০৬ সাল থেকে তারা একসঙ্গে বসবাস করতেন। ওলাঁদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ফ্রান্সের ফার্স্ট লেডির মর্যাদা ভোগ করতেন।
