প্রথমবারের মতো বসলেন আসাদপন্থী ও বিরোধীরা
জেনেভা শান্তি সম্মেলনের দ্বিতীয় দিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ ও বিপক্ষের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
দুই বছরেরও বেশি সময় আগে আসাদ সরকারকে উৎখাতে সিরিয়ায় সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর এই প্রথম বসলেন দুই পক্ষের নেতারা।
‘সিরিয়াকে রক্ষায়’ আধা ঘণ্টার ওই বৈঠককে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিবিবি জানায়, শনিবার জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমির মধ্যস্থতায় সিরিয়ার দুই বৈরীপক্ষ আলোচনায় বসে।
তবে আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠক থেকে বেরিয়ে আসাদ বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনের প্রধান মোনজের আকবিক বলেন, “আজ আমরা স্বৈরশাসকদের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছি। আপনারা জানেন স্বৈরশাসকরা সাধারণত কারো কথা শুনতে চায় না। তবে আজ তাদেরকে আমাদের কথা শুনতে হয়েছে। সিরিয়ার জনগণ স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রের পক্ষে। জনগণের সেই কথাটি তারা শুনতে বাধ্য হয়েছে।”
এর মধ্য দিয়ে সিরিয়ার রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও মনে করেন তিনি।
স্বল্প সময়ের মধ্যে দুই পক্ষের আবারো মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে। তার মধ্য দিয়ে সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানের পথ বের হতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও বিবদমান পক্ষগুলো এখনো কোনো বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি।
জেনেভার মন্ট্রিয়াতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে চলা ওই সম্মেলনে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে কোনো শান্তি চুক্তির আশা করছেন না কেউ। তবে দেশটিতে প্রায় ৩০ মাস ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে আপাতত বিরতি ও বন্দিমুক্তির বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিরা।
এছাড়া যুদ্ধবিধ্বস্ত এলাকায় জরুরি ত্রাণ পৌঁছানোর পথ সহজ করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জেনেভায় বিবিসির প্রতিনিধি জানিয়েছেন।
সম্মেলনে সিরিয়া সরকারের প্রতিনিধিরা বলছেন, সন্ত্রাস ও সহিংসতার অবসানই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। প্রেসিডেন্ট আসাদের অবস্থান নিয়ে আলোচনার সময় এখনো আসেনি।
