ইউক্রেনে আবার আন্দোলনে সরকার বিরোধীরা
ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে জোরাল আন্দোলনে নেমেছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
শুক্রবার রাস্তায় আরো ব্যারিকেড দেয়াসহ সরকারের একটি মন্ত্রণালয়ভবন দখল করেছে তারা।
প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে বিরোধী নেতাদের সঙ্কটকালীন আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের বিক্ষোভকারীদের এ তৎপরতায় উত্তেজনা বাড়ছে ইউক্রেনে।
সরকার-বিরোধীদের ডাকে প্রায় ১ হাজার বিক্ষোভকারী শুক্রবার সকালের দিকে কিয়েভের ইনডিপেন্ডন্স স্কয়ার থেকে অগ্রসর হয়ে প্রেসিডেন্টের প্রশাসনিক ভবনের কাছে রাস্তায় ব্যারিকেড দিতে শুরু করে।
মুখোশ পরা বিক্ষোভকারীদের কারো কারো হাতে ছিল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া ঢাল। বিক্ষোভকারীদের অনেককেই বরফ ভরা বালুর বস্তা, গাড়ির টায়ার দিয়ে রাস্তা অবরোধ করতে দেখা যায়।
বিক্ষোভকারীদের একটি দল কোনো বাধা বিপত্তি ছাড়াই নিয়ন্ত্রণে নেয় কৃষিমন্ত্রণালয়ের মূল ভবন। মন্ত্রণালয়ের কর্মীদেরকে তাদের জিনিসপত্র নিয়ে যেতে দেয়া হলেও কাজ করতে দেয়া হয়নি।
বিক্ষোভকারীদের এক নেতা ভিতালি ক্লিসকো বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে বৈঠকের পর জানান, প্রেসিডেন্ট কোনো ছাড় দেননি। কয়েকঘণ্টার আলোচনা কোনো ফল বয়ে আনেনি।
ইউক্রেনে নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর গত বুধবার রাজধানী কিয়েভে প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষের পরই ইয়ানুকোভিচের সঙ্গে সঙ্কটকালীন আলোচনায় বসেন বিরোধী দলীয় নেতা।
আলোচনায় মধ্যবর্তী নির্বাচন আহ্বান করা না হলে ইউরোপীয় ইউনিয়নপন্থি (ইইউ) বিক্ষোভকারীদের নিয়ে বিক্ষোভ আরো তীব্রতর করার হুমকি দিয়েছিলেন তিনি।
তাছাড়া, আলোচনার জন্য তিনটি দাবিও জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে। এক. মধ্যবর্তী নির্বাচন দেয়া, দুই. বিক্ষোভ-বিরোধী কঠোর আইন বাতিল করা, তিন. সরকারের পদত্যাগ।
রাজধানী কিয়েভে চলতি সপ্তাহজুড়ে চলা সহিংস বিক্ষোভে শত শত আন্দোলনকারী আহত হয়েছে। এর আগে সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর না করায় গত নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
চলতি বিক্ষোভটি শুরু হয় রাজপথে আন্দোলন বিক্ষোভ নিষিদ্ধ করে সরকারের একটি আইন পাস করাকে কেন্দ্র করে। ইউক্রেন সরকারের এধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
