আসাদবিহীন সিরিয়া সরকার দাবি বিরোধীদের
সিরিয়ার সরকার বিরোধী পক্ষের নেতা আহমেদ জারবা দেশের গৃহযুদ্ধাবসানে শুরু হওয়া শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাদ দিয়ে একটি নতুন উত্তরণশীল সরকার গঠনের দাবি জানিয়েছেন।
জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর উদ্যোগে জেনেভায় শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের কয়েকদিনব্যাপী সরাসরি আনুষ্ঠানিক আলোচনা।এর প্রাক্কালে সাংবাদিকদের কাছে জারবা বলেন, তিনি আসাদ বিহীন ভবিষ্যতের দিকে চেয়ে আছেন।
জোরাল এক বক্তব্যে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝে গেছে যে আসাদ আর ক্ষমতায় থাকতে পারেন না। আমরা তাকে বাদ দিয়ে একটি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আসাদ ও তার গোটা প্রশাসন এখন অতীত। সরকার প্রধানের অবস্থা যে শেষ সে ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। এ প্রশাসন এখন মৃত”।আসাদবিহীন সরকার গড়ার বিরোধীপক্ষের এ দাবিতে আলোচনায় জটিলতা দেখা দেয়ারই আভাস পাওয়া যাচ্ছে।এখন পর্যন্ত দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনঢ় রয়েছে। সরকারপক্ষ আলোচনায় ‘সন্ত্রাস’ এর বিষয়টিকে প্রাধান্য দিতে চাইছে। অন্যদিকে, বিরোধীরা আসাদকে ক্ষমতা থেকে সরানোর উপায় নিয়ে আলোচনা করতে চাইছে।শুক্রবার শুরু হতে চলা দুপক্ষের প্রথম পরিপূর্ণ আলোচনায় সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিরা আলাদা আলাদা কক্ষে বসে জাতিসংঘের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চালাবেন।বুধবার সুইজারল্যান্ডের মন্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘের উদ্যেগে আয়োজিত সিরীয় শান্তি সম্মেলন শুরু হয়। উদ্বোধনী দিনেই উত্তপ্ত বাদানুবাদে জড়ায় দুপক্ষ।তারপরও এ সম্মেলনে সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষ একসঙ্গে আলোচনায় বসার কারণে এ বৈঠককে নজিরবিহীন মনে করা হচ্ছে। কারণ এর আগে দুপক্ষকে কখনোই আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি করানো যায়নি।
